‘নদাই’ সিনেমায় সুষমা সরকার
Printed Edition
চলচ্চিত্রে ও নাটকের গুণী অভিনেত্রী সুষমা সরকার। চলচ্চিত্রে ও নাটকে অভিনয় করতে করতে এখন তিনি দর্শকের প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠৈছেন। সুষমার কাছে প্রশ্ন রেখেছিলাম, যে স্বপ্ন নিয়ে অভিনয়ের দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন, সেই স্বপ্ন কী আদৌ পূরণ হয়েছে? সুষমা এত চমৎকার একটি জবাব দিলেন, যা সচরাচর কোনো শিল্পীই বলেন না। সুষমা জানালেন, একটি টিভির পর্দায় যখন কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত, সুবর্ণা মোস্তফা, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিমসহ আরো অনেকের অভিনয় যখন দেখতেন, তখন তারও স্বপ্ন ছিল তাদের সঙ্গে অভিনয় করার। অভিনয়ের দুনিয়ায় পা রাখার পর যখন একটু একটু করে সুযোগ আসল তাদের সঙ্গে নাটকে স্ক্রিণ শেয়ার করার অর্থাৎ একই ফ্রেমে অভিনয় করার সুযোগ হলো তখন সুষমার শিল্পী জীবন ধন্য হলো। পাশাপাশি এখন অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করারও প্রস্তাব আসে তার কাছে। নিজের মনের মতো অভিনয়ও করতে পারছেন। তবে শিল্পী হিসেব নাটকে কিংবা সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে চরিত্র নিয়ে অপূর্ণতা তো থেকেই যায়। তারপরও ভীষণ তৃপ্ত সুষমা, একজন অভিনেত্রী হিসেবে। সুষমা এরই মধ্যে দুটি নতুন সিনেমাতেও অভিনয় করেছেন। একটি জহির রায়হানের (এ যুগের পরিচালক) ‘সোলতে’, এবং অন্যটি পথিক শহীদুলের ‘নদাই’। রাজশাহীর বইপ্রেমী মানুষের কাছের মানুষ ছিলেন পলান সরকার। বাড়ি বাড়ি বই পৌঁছে দিতেন তিনি। সেটি পড়া শেষে আবার বদলে দিতেন আরেকটি বই। সংবাদমাধ্যম সূত্রে পরে তাকে চিনেছিল পুরো দেশ ও পৃথিবী। ২০১৯ সালে ৯৮ বছর বয়সে তিনি পরলোকগত হন পলাণ সরকার। তাকে নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। একটা সময় পলাণ সরকার রাজশাহীতে একজনের বাড়িতে এসে কিছু দিন থেকেছিলেন। যার বাড়িতে ছিলেন তারই চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার। ‘নদাই’ সিনেমায় যে শিশুটি নাম ভূমিকায় অভিনয় করেছে তারই মায়ের চরিত্রে অভিনয় করেছে সুষমা সরকার। দু’টি সিনেমারই কাজ প্রায় শেষ করেছেন সুষমা। এদিকে শুক্রবার ছিল সুষমার জন্মদিন। তবে ছুটি নেই তার কাজ থেকে। সুষমা সরকার বলেন,‘ সোলতে ও নদাই সিনেমা দু’টিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। দুটি সিনেমারই গল্পই প্রাণ। দুজন নির্মাতাই চেষ্টা করেছেন মন দিয়ে সিনেমা দুটি নির্মাণ করতে। দু’টিতে আমার চরিত্র দুই রকম। তবে আমার ভালোলাগা এই যে ভিন্ন ধরনের গল্পের সিনেমাতে কাজ করে, যে সিনেমাগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। যে সিনেমাগুলো একদিন ইতিহাস হবে। একজন অভিনেত্রী হিসেবে আমি হয়তো বা এখনো কিছুই নই। কিন্তু আমি আমার কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। সোলতে ও নদাই পর্দায় দেখলে দর্শক তা অনুভব করতে পারবেন। আর জন্মদিনে বিটিভির অসুখ নামের একটি নাটকে অভিনয় করেছেন। বাসায় ফিরে একমাত্র কন্যা অনিন্দ্য গল্পের সঙ্গে গল্প করে কাটিয়ে দিয়েছেন।’ কেএম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেও বর্তমানে বেশ প্রশংসা কুড়াচ্ছেন সুষমা। ঈদে আসবে কাজল আরেফিন অমির নাটক ‘হাউ সুইট’।