অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার জিমি রিমার ৭৮ বছর বয়সে আজ শুক্রবার মারা গেছেন।
খেলোয়াড়ি জীবনে তিনি এই দুই ক্লাবের হয়েই ইউরোপিয়ান কাপ জিতেছিলেন। এর বাইরে আর্সেনাল, সোয়ানসি সিটি ও লুটন টাউনেও খেলেছেন তিনি।
ল্যাঙ্কাশায়ারে জন্ম নেয়া রিমার ম্যান ইউনাইটেডের যুব একাডেমি থেকে উঠে আসেন এবং ১৯৬৮ সালে বেনফিকার বিপক্ষে ইউরোপের সেরা এই প্রতিযোগিতায় রেড ডেভিলদের হয়ে শিরোপা জয়ের ম্যাচে তিনি বিকল্প বেঞ্চে ছিলেন।
ইউনাইটেডে ৯ বছর কাটানোর পর ১৯৭৪ সালে তিনি আর্সেনালে যোগ দেন এবং তার তিন বছর পর পাড়ি জমান অ্যাস্টন ভিলায়।
অ্যাস্টন ভিলার ‘ক্ল্যারেট অ্যান্ড ব্লু’ জার্সিতে রিমার ২২৯টি লিগ ম্যাচ খেলেন এবং ১৯৮২ সালে তাদের ঐতিহাসিক ইউরোপিয়ান কাপ বিজয়ী অভিযানের প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন।
তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেই ফাইনালে কাঁধের চোটের কারণে মাত্র ৯ মিনিট খেলার পরই তাকে বদলি হিসেবে মাঠ ছাড়তে হয়।
অ্যাস্টন ভিলার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপিয়ান কাপ বিজয়ী জিমি রিমারের ৭৮ বছর বয়সে মৃত্যুর খবরে অ্যাস্টন ভিলা গভীরভাবে শোকাহত। এই অত্যন্ত কঠিন সময়ে ক্লাবের প্রত্যেকের সমবেদনা জিমির পরিবার ও বন্ধুদের সাথে রয়েছে।’
রিমার ছিলেন তার প্রজন্মের অন্যতম সেরা গোলকিপার এবং বড় মঞ্চের বিচারে সম্ভবত সবচেয়ে দুর্ভাগ্যবানদের একজন। দুটি ইউরোপিয়ান কাপ বিজয়ী পদক ঝুলিতে থাকা সত্ত্বেও, দুটি ফাইনালের কোনোটির শেষ বাঁশি বাজার সময়ই তিনি মাঠে ছিলেন না।