যুক্তরাষ্ট্রের সাথে চলমান পারমাণবিক আলোচনা নিয়ে সন্দিহান খামেনি
Printed Edition
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দুই দেশের মধ্যে উক্ত ইস্যুতে পঞ্চম দফার আলোচনার প্রস্তাব পর্যালোচনার মধ্যে এ কথা জানালেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এ খবর দিয়েছে।
খামেনি বলেছেন, আমি মনে করি না আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা কোনো ফল বয়ে আনবে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে অনুষ্ঠিত এক সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেছেন।
এ বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পক্ষ থেকেই প্রথম এ বিষয়ে তেহরানকে আলোচনার টেবিলে আহ্বান জানানো হয়। এ পর্যন্ত চার দফা আলোচনা করেছে উভয় দেশ। তবে এখনো কোনো সুরাহা হয়নি। বর্তমানে পারমাণবিক ইস্যুতে পঞ্চম দফার আলোচনার বিষয়টি পর্যালোচনা করছে তেহরান। মঙ্গলবার দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ কথা জানিয়েছেন।
যদিও গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পারমাণবিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ওয়াশিংটন ও তেহরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব দেয়া হয়েছে। তেহরানকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প তেহরানকে লক্ষ্য করে বোমা হামলার কথাও পুনর্ব্যক্ত করেছেন। ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হয় তাহলে নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন।
বাহ্যিক চাপের কাছে মাথানত করবে না ইরান : পেজেশকিয়ান
এদিকে ইরনা জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই বাহ্যিক চাপের কাছে নতিস্বীকার করবে না এবং দেশটির নাগরিকরাও পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপকার থেকে বঞ্চিত হবে না। এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, ইরানের পরমাণু প্রযুক্তি স্বাস্থ্যসেবা, কৃষি ও শিল্পখাতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ব্যবহার করা হবে যাতে নাগরিকরা উপকৃত হন। এ ক্ষেত্রে বাইরের কোনো শক্তির কাছ থেকে আসা চাপ কোনো প্রভাব ফেলবে না।
সোমবার তেহরানে ইরাকের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দ্বৈত দায়িত্বে থাকা ফুয়াদ হোসেনের সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার দিকে ইঙ্গিত করে পেজেশকিয়ান উল্লেখ করেন, মার্কিন সরকার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রকৃত অর্থেই উদ্বিগ্ন এবং সেই উদ্বেগ দূর করার জন্য সব ধরনের সহযোগিতা করতে তেহরান প্রস্তুত।