ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর নতুন ভূকম্পন নিখোঁজ অর্ধলক্ষাধিক
Printed Edition
আলজাজিরা
গত বুধবারের প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি নতুন ভূকম্পনে কেঁপে উঠেছে ভেনেজুয়েলার উত্তর উপকূল। গত শুক্রবার এই নতুন কম্পনটি অনুভূত হয়। এদিকে গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পরপর আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে এখনো ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ওই জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসের কিছু অংশ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, গত আঘাত হানা সর্বশেষ কম্পনটির কেন্দ্রস্থল ছিল উত্তরের মারাকাই শহর থেকে ৬১ কিলোমিটার (৩৬ মাইল) উত্তর-পশ্চিমে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই কম্পন মারাকাই ও কারাকাসেও টের পাওয়া গেছে, তবে এ নিয়ে বিস্তারিত তথ্য এখনো মেলেনি।
উদ্ধার তৎপরতা চলমান থাকা অবস্থায় নতুন করে এই ভূকম্পন হওয়ায় মৃতের সংখ্যা আরো ব্যাপক আকারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ধারণা করছে, প্রাণহানির এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত দুর্যোগটিতে অন্তত তিন হাজার ৩৬০ জন আহত হয়েছেন এবং ১৭২ জনেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। ভেনেজুয়েলা সরকারের দেয়া তথ্যমতে, নিখোঁজের সংখ্যা ইতোমধ্যে ৫০ হাজার ছাড়িয়েছে। সার্বিক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো ঘোষণা দিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিছু এলাকায় সাধারণের প্রবেশ সীমিত করা হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নিজেরাই ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করতে তৎপরতা শুরু করেছেন। অনেকে নিজস্ব গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন। এদিকে ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ওপর আরোপিত বিধিনিষেধ ভেনেজুয়েলা সরকার এখন শিথিল করেছে, যাতে নাগরিকরা নিখোঁজ স্বজনদের তথ্য আদান-প্রদান করতে পারেন।