নারী কর্মীদের হেনস্তা ও ভয় দেখানোর অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ নির্বাচনী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় প্রচারণার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। গতকাল বুধবার নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতিনিয়ত তার নারী কর্মীদের হেনস্তা ও শারীরিক হামলা করা হচ্ছে। এ ছাড়া রাতের আঁধারে তার লাগানো পোস্টার ও বিলবোর্ডগুলো পরিকল্পিতভাবে খুলে নেয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, এলাকার ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে এবং চাপ প্রয়োগ করে প্রতিপক্ষের নির্বাচনী সভায় নিতে বাধ্য করা হচ্ছে। এমনকি সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

প্রশাসনিক বাধার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বঙ্গভবন স্টাফ কোয়ার্টার এলাকায় তাদের কোনো প্রচারণা চালাতে দেয়া হয়নি এবং ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণেও বাধা প্রদান করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মিডিয়া হাউজগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা সত্য সংবাদ পরিবেশন করতে না পারে। প্রশাসন ও গণমাধ্যমের একটি অংশ এরই মধ্যে নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে, বর্তমানে নির্বাচনী এলাকায় একটি অসম পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, যেখানে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বলতে কিছুই নেই। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কমিশন দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে নিজের নিরপেক্ষতা হারিয়েছে। কমিশন যদি আগে থেকেই ফলাফল নির্ধারণ করে রাখে, তবে সাধারণ জনগণ ভোট দিতে নিরুৎসাহিত হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে এনসিপির এই নেতা আরো বলেন, তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছিলেন, তারই অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমিরের আইডি হ্যাক করা হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে ইতিবাচক পরিবর্তনের আশা ছিল, তা একমাত্র বিএনপির অনড় অবস্থানের কারণে সম্ভব হয়নি। তিনি বর্তমান অবস্থাকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বড় বাধা ও আশঙ্কাজনক বলে মন্তব্য করেন।