আল নাসরের রেকর্ড জয়ে গোল রোনালদোর
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সৌদি প্রো-লিগে ২০১৮-১৯ মৌসুমে শিরোপা জিতেছিল আল নাসর। সেই মৌসুমে তারা লিগ ইতিহাসের নবম শিরোপা অর্জন করেছিল। দীর্ঘ সাত বছরের শিরোপা খরা কাটিয়ে নতুন শিরোপার খুব কাছাকাছি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলটি। এই অভিযানে দারুণভাবেই ছুটে চলার পথে গত পরশু আল-আখদুদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর।
সেই প্ররিক্রমায় একটি রেকর্ডও গড়েছে দলটি। এবারের লিগে তাদের টানা ১৪তম জয় এটি। এই জয়ে তারা ছাড়িয়ে গেছে ২০১৩-১৪ মৌসুমের টানা জয়ের ধারাকে। প্রো- লিগে টানা বেশি জয়ের কীর্তি গড়ার দিনে হাজার গোলের মালফলকের দিকে ছুটে চলা সিআর সেভেন গোল পাবেন না, তা কি হয়। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। এই গোলের সুবাদে কিংবদন্তির এই ফরোয়ার্ডের গোল হলো এখন ৯৬৮টি। চলতি লিগে রোনালদোর গোল হলো ২৪ ম্যাচে ২৪টি।