যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ
Printed Edition
নিউ ইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে আগুন জ্বলছে ও ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠেছে। স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
স্থানীয় সময় সোমবার বিকেলের এই বিস্ফোরণে আশপাশের এলাকার ঘরবাড়িগুলো কেঁপে উঠে। পোর্ট আর্থারের পুরো পশ্চিমাংশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভ্যালেরো এনার্জি করপোরেশনের মালিকাধীন শোধনাগারটির একটি অংশে বিস্ফোরণটি ঘটেছে। সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় এক বাসিন্দা টুয়েলভনিউজকে জানিয়েছেন, পুরো এলাকাজুড়ে পচা ডিমের গন্ধ ছড়িয়ে পড়েছে। এই গন্ধটা সাধারণভাবে সালফার গ্যাসের উপস্থিতির ইঙ্গিত দেয়। অন্য বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে তাদের ঘরবাড়ি ও গাড়িগুলো কেঁপে উঠেছে।
জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেন্স জানিয়েছেন, শোধনাগারটির হিটিং ইউনিটে হওয়া কোনো দুর্ঘটনার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। শোধনাগারটি থেকে বের হওয়া ধোঁয়ায় ওই এলাকার আকাশ কালো হয়ে গেছে। কর্মকর্তারা ঘণ্টায় ঘণ্টায় বাতাসের মান পরীক্ষা করে দেখছেন। তবে শহরের বাসিন্দাদের সরিয়ে নেয়ার কোনো আদেশ দেয়া হয়নি।
শেষ খবর পর্যন্ত কোনো হতাহতের কথা জানা যায়নি। ভ্যালেরো এনার্জি করপোরেশনের এক প্রতিনিধি পোস্টকে জানিয়েছেন, শোধনাগারের সব কর্মী নিরাপদ আছে। ভ্যালেরো পোর্ট আর্থার শোধনাগারটি টেক্সাসের মেক্সিকো উপসাগর উপকূলে টেক্সাস-লুইজিয়ানা অঙ্গরাজ্যের সীমান্ত বরাবর অবস্থিত। এই স্থাপনাটির কর্মী সংখ্যা প্রায় ৭৭০ জন। এই শোধনাগারটি দৈনিক চার লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রল, ডিজেল ও জেল ফুয়েল উৎপাদন করে। অপর দিকে টেক্সাসের দক্ষিণপূর্ব কোনের বন্দর শহর পোর্ট আর্থারে প্রায় ৫৫ হাজার মানুষ বসবাস করে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যখন জ্বালানি সঙ্কট চলছে তার মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম এই শোধনাগারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটল।
ইরানের হুমকির কারণে বিশ্বের জ্বালানি সরবরাহের এক পঞ্চমাংশের পরিবহন পথ হরমুজ প্রণালী প্রায় চার সপ্তাহ ধরে বন্ধ হয়ে আছে।