বাংলাদেশ-ভারত আরেকটি ফাইনাল আজ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নারী সাফের বয়সভিত্তিক আসর মানেই বাংলাদেশ ও ভারতের শিরোপার লড়াই। এ পর্যন্ত যে কয়েকটি নারী বয়সভিত্তিক সাফ হয়েছে এর মধ্যে চারটি ছাড়া বাকি সব আসরেই হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন না হয় ভারতের দখলে গেছে ট্রফি। দু’টি আসরে ভারত খেলেনি। ভারতকে টপকে নেপাল তিনবার শিরোপার লড়াইয়ে নেমেছিল বাংলাদেশের বিপক্ষে। এর একটিতে চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল। বাকি দুই আসরেই সেরা লাল-সবুজরা। তেমনই একটি ফাইনালে আজ আবার মুখোমুখি বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বেলা সোয়া ২টায় নেপালের পর্যটননগরী পোখারার রঙ্গশালায় অনুষ্ঠিত হবে এই ফাইনাল।
বাংলাদেশ লিগ পর্বে টানা তিন ম্যাচে জিতেই সেরা হয়ে ফাইনালে উঠেছে। অন্য দিকে লিগ পর্বে বাংলাদেশের কাছে ০-২ গোলে হেরে এবং অপর দুই ম্যাচে জয় পেয়েই আজ শিরোপানির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে ভারত।
২০১৭ সাল থেকে শুরু সাফের নারী বয়সভিত্তিক আসর। সেই আসরে ফাইনালে ভারতকে হারিয়েই প্রথম নারী সাফে ট্রফি জয়ের স্বাদ পাওয়া। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ সাফে একবার অনূর্ধ্ব-১৬ সাফে একবার ভারতকে ফাইনালে হারিয়ে ট্রফি উৎসবে মেতেছি। আর অনূর্ধ্ব-১৮ সাফে একবার নেপালকে, অনূর্ধ্ব-১৯ সাফে একবার ভারতকে এবং অনূর্ধ্ব-২০ সাফে দু’বার নেপালকে টপকে চ্যাম্পিয়ন হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক চরম খারাপ হয়ে যায়। এরপর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর দুই দেশের সম্পর্ক আরো বাজে অবস্থা ধারণ করে। সেই ইস্যুতে আজ থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তারা নিরাপত্তা ইস্যুতে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু ভারত প্রভাবিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের এই প্রস্তাব মেনে নেয়নি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এ পরিস্থিতির মধ্যেই আজ ফুটবলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আরেকটি ফাইনাল। আজ জিতলে একটি প্রতিশোধও নেয়া হবে। লিগ পর্বের ম্যাচে ভারতকে হারিয়ে অর্পিতা বিশ্বাসরা আত্মবিশ^াসের তুঙ্গে আছে। সেই ম্যাচে জয় ছিল একটি প্রতিশোধ। এখন আজ জিতলে পূর্ণতা পাবে। বাংলাদেশ দল লিগ পর্বে নেপাল ও ভুটানকে হারিয়েছে বড় ব্যবধানে। ভারতকে ২-০ গোলে হারানোর আগে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেয়। এরপর নেপালকে ৪-০ গোলে পরাজিত করে অপরাজিত থেকেই ফাইনালে ওঠা। অন্য দিকে ভারত ১-০ গোলে নেপাল ও ৮-০তে ভুটানকে হারিয়ে আজ শিরোপা নির্ধারণী ম্যাচের মুখোমুখি।
তবে বাংলাদেশ দল ভুগছে ইনজুরি সমস্যায়। স্ট্রাইকার সৌরভী আকন্দ প্রীতি ও বন্যা খাতুনদের চোট আছে। তবে বাংলাদেশ দল সূত্রে জানা গেছে কোচ চাইলে এদের বিশ্রাম দিতে পারে। আবার খেলাতেও পারে। বিশ্রাম দিলেও সমস্যা নেই। কারণ বাংলাদেশ দলে বিকল্প খেলোয়াড় আছে।
কোচ পিটার বাটলার জানান, অনুশীলন মাঠ ও মূল ম্যাচের মাঠ খেলার উপযোগী নয়। এতে খেলোয়াড়রা ইনজুরিতে পড়েছে। শুধু আমরাই নয়, অন্য দলগুলোও এই মাঠ সমস্যায় ভুগেছে। এর পরও আমাদের রিজার্ভ বেঞ্চ পোক্ত আছে। এখন আমরা কাল (আজ) ম্যাচের আগে সকালে ফুটবলারদের ফিটনেস দেখে একাদশ ঠিক করব। এরপর উল্লেখ করেন, অবশ্যই আমাদের লক্ষ্য ফের ভারতকে হারানো।
নেপালের বিপক্ষে বাংলাদেশ দল ৯ জনকে বদল করেই প্রথমার্ধে ২-০তে লিড নিয়েছিল। এরপর হালি গোলের জয়। আসরে বাংলাদেশ দলের তিন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। এরা হলেন তৃষ্ণা রানী, মুনকি আক্তার ও আলপি আক্তার। এর মধ্যে স্ট্রাইকার আলপি আক্তার দুই হ্যাটট্রিক করেছেন ভুটান ও নেপালের বিপক্ষে। এ ছাড়া ভারতের বিপক্ষেও এক গোল। ফলে ৭ গোল দিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি।