গণভোটের প্রচারণা নিয়ে সরকারের উদ্যোগ দুঃখজনক : ড. বদিউল আলম

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে প্রচার-প্রচারণা করার কথা ছিল তা হয়নি। এটি দুঃখজনক, জনগণকে সংস্কার ও স্বৈরাচার কাঠামোর বিষয়টি পরিষ্কার করতে সরকারকে যথাযথ প্রচার প্রচারণা চালাতে হবে।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির কনভেনশন সেন্টারে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, মৌলিক সংস্কারের সব নাগরিকের মতামত দেয়ার সুযোগ হবে। ৪৮টা বিষয়কে চারটি ভাগে প্যাকেজ করে হ্যাঁ/ না ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট সংস্কারের পক্ষে, না ভোট স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। সুজনের পক্ষ থেকে প্রস্তুতি চলেছে, শিগগিরই গণভোটের বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হবে। সংস্কারের সুফল কি মানুষ জেনে বুঝে ভোট দিতে পারবে। গণভোটে হ্যাঁ ভোট থাকবে সংস্কারের পক্ষে আর না ভোট স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে ঘিরে টাকার ছড়াছড়ি, মনোনয়ন বাণিজ্য ও কাকে মনোনয়ন দেয়া হচ্ছে আমরা তা জানি। কিন্তু আমরা চুপ থাকব না। আমরা সংস্কার প্রস্তাবগুলো বারবার দাবি করে আসব। কারণ আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। এই রক্তের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না।

তিনি বলেন, জনগণকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে থেকে গণতান্ত্রিক উত্তরণে গণভোটে অংশ নিতে হবে। কারণ গণভোট পাস না হলে আবারো পুরনো অবস্থায় ফিরে যাবো।

বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের বিষয়ে গণভোট অন্তর্ভুক্ত, পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। দুর্ভাগ্যবশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে শুনানি হলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে আশা করেনি।

সুজন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়গঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।