বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে দোয়া মাহফিল

Printed Edition
bangla-1
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার ইন্তেকালের খবরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শোক ও সমবেদনা জানাচ্ছেন। বিভিন্ন জেলায় কুরআন খতম, দোয়া মাহফিল, শোকসভা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এই প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে।

রাজশাহী ব্যুরো জানায়, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের নির্বাহী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। তিনি বলেন, দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে প্রকৃত অভিভাবককে।

দিনাজপুর প্রতিনিধি জানান, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দিনাজপুরের মেয়ে। পুতুল নামে তিনি পরিচিত ছিলেন। এই পুতুল হয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড করেন। পুতুল নামটি তার বাবার দেয়া ছিল। বাড়িটি মায়ের নামে ‘তৈয়বা ভিলা’ নামকরণ করা রয়েছে। এ বাড়িতেই কেটেছে তার শৈশব ও কৈশোরকাল।

সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় ওলামাদলের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআর খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সিংড়া গোডাউনপাড়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কুরআন খতম ও বিশেষ মুনাজাতে অংশ নেন পৗর ওলামাদলের সাবেক সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রায়হান কবির, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

বিপিজেএ সিলেটের শোক, গভীর শোক, সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ফাটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। এক শোক বার্তায় অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি বলেন, তিনি ছিলেন স্বাধীন-সার্বভৌম, জাতীয় ঐক্যের প্রতীক। তিনি রাজনীতি, দল-মত, মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছিলেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বেগম জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত প্রার্থী, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ নুরুল আমিন। দুপুরে এক শোকবার্তায় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিচল ও সাহসী নেতৃত্বের প্রতীক।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, মৃত্যুর খবরে নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ে এসে জমায়েত হয়। মাদরাসার ছাত্রদের দিয়ে দিনভর কুরআন খতমের আয়োজন করে। উপজেলার প্রতিটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল থেকে প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে কালো পতাকা ও কুরআন খতম ও দোয়া করা হয়।

পিরোজপুর প্রতিনিধি জানান, শোক জানিয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেন, বেগম জিয়ার অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিকে প্রিয় নেত্রীকে হারিয়ে শোকাহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল ৯টা থেকে মাদরাসা শিক্ষার্থীদের মাধ্যমে কুরআন খতম অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে কার্যালয়ে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাফিজ ফখরুল ইসলামের শোক : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের এমপি প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম শোক প্রকাশ করছেন। শোকবার্তায় তিনি বলেন, বেগম জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিজ্ঞপ্তি।

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকেই বিএনপি কার্যালয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করা হয়।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, কর্ণফুলী উপজেলায় নীরবতা ও বিষণ্নতা দেখা যায়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী ওসমান শোক প্রকাশ করেন।

ফয়সল আহমদ চৌধুরীর শোক, শোক, সমাবেদনা জানিয়েছেন বিএনপির সিলেট-৬ আসনের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। শোকবার্তায় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। চট্টগ্রাম-১ আসনের প্রার্থী নুরুল আমিন বলেন, আমরা আজ থেকে অভিভাবকহীন হয়ে গেলাম।