লিফট ছাড়াই চালু হচ্ছে পিরোজপুর জেলা হাসপাতাল
Printed Edition
পিরোজপুর প্রতিনিধি
লিফট স্থাপন ছাড়াই পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের চারটি তলায় আগামী মে মাসের মধ্যে চিকিৎসাসেবা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের লিফট স্থাপনে কিছুটা সময় লাগবে, যা আগামী আগস্ট নাগাদ আসতে পারে। তবে লিফটের জন্য বসে না থেকে জনস্বার্থ বিবেচনায় আগামী ৩০ এপ্রিল বা সর্বোচ্চ ১৫ মে’র মধ্যে হাসপাতালের চারটি ফ্লোর চালু করা হবে। সেবার মান বাড়াতে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি সংস্কারের উদ্যোগও নেয়া হবে।
তিনি আরো বলেন, সারা দেশে চিকিৎসক স্বল্পতা থাকলেও পিরোজপুর জেলা হাসপাতালের জনবল সঙ্কট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এর ফলে আগামী দুই মাসের মধ্যে হাসপাতালের চিকিৎসা সেবায় দৃশ্যমান উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন মতিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়ালের সাথে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন এই ভবনটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জেলার স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।