চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি একই দিনে একই তফসিলে দু’টি নির্বাচন হয়েছে। কিন্তু নির্বাচনের পর বিএনপি একটি নির্বাচনকে বৈধ বলছে আরেকটি নির্বাচনকে অবৈধ বলছে! বিএনপির দ্বিচারিতা জনগণের সাথে বিশ্বাস ঘাতকতার শামিল। গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দিচ্ছে। আমরা ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে রাজপথে এসেছি। সংসদে সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান হবে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি জনগণের গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বাধ্য করতে হবে।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তারা গণভোটে জনগণের রায় মেনে নেবে। তারা ৫১ শতাংশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণভোটে ৭০ শতাংশ জনগণের রায়কে মেনে নিচ্ছে না। বিএনপি ৭০ শতাংশ জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ৫১ শতাংশ জনগণের রায়কেও আমরা বৈধ বলতে পারি না। তিনি বিএনপিকে বিগত ১৭ বছরের কথা স্মরণ করে দিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ আপনাদের পক্ষে ছিল। কিন্তু আপনাদের গণবিরোধী কর্মকাণ্ডে আগামীতে জনগণকে পাশে পাবেন না।
১১ দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্য মুহাম্মদ নুরুল আমিন, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস নগর সহসাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, লিবারেল পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দীন আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের মাহমুদ, লেবার পার্টি মহানগর সহসভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাসুজ্জামান হেলালী, জামায়াত নেতা মুহাম্মদ শফিউল আলম, ডা: আবু নাছের প্রমুখ।