মোহনগঞ্জে ৭ কিমি সড়কের বেহাল দশা

Printed Edition

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে স্থানীয় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গত কয়েক বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়, ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে গাড়ি চলাচল করলেও তা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

জানা যায়, সড়কটি সংস্কারের জন্য প্রায় ২৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও কাজের মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সামান্য বৃষ্টিতেই নির্মাণ কাজ ধুয়ে যাচ্ছে। গত দুই বছর ধরে সংস্কার কাজ চললেও এখনো প্রায় ৬০ শতাংশ কাজ অসম্পূর্ণ রয়েছে। ডিঙ্গাপোতা হাওরের কৃষি ও মৎস্য সম্পদের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওর এলাকার প্রায় ৯০ শতাংশ বোরো ধান পরিবহন এবং স্থানীয়ভাবে উৎপাদিত মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের একমাত্র মাধ্যম এই সড়ক।

ফলে সড়কের বেহাল অবস্থা এলাকার অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয়রা জানান, সড়কটির বর্তমান অবস্থা এতটাই খারাপ যে যানবাহনে চলাচলের চেয়ে হেঁটে চলাই বেশি নিরাপদ। বিশেষ করে অসুস্থ রোগী ও অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতালে নেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আশপাশে কোনো হাসপাতাল বা বাজার না থাকায় দুর্ভোগ আরো তীব্র আকার ধারণ করেছে। দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।