চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা
Printed Edition
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালি (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো দুই নারী আহত হয়েছেন। পুলিশ দুইজনকে আটক করেছে। গত মঙ্গলবার বেলা আনুমানিক ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় শহিদুল ইসলামকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় চাচাতো ভাইদের সাথে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
এ ঘটনায় শিল্পি খাতুন ও আরবী খাতুন নামের আরো দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে এবং এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগেই একটি মামলা দায়ের করা হয়েছিল এবং পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।