বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারসহ ৬ জনকে উদ্ধার কোস্টগার্ডের
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বাঁশখালিতে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা যাত্রীবাহী বোটসহ ছয়জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা হতে একটি যাত্রীবাহী বোট বেঙ্গল শিপিং লাইন লিমিটেড কোম্পানির পাঁচজন ওয়াচম্যানকে নিয়ে কুতুবদিয়ার উদ্দেশে যাত্রা করে। বিকেলে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন কাটখালী নদীর মোহনা সংলগ্ন সাগরে ভাসতে থাকে। এ সময় বোটে থাকা এক যাত্রী জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে সহায়তা চাইলে, কোস্টগার্ড বিষয়টি জানতে পারে।
সেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বাঁশখালি কন্টিনজেন্ট সদস্যরা ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারসহ বেঙ্গল শিপিং লাইনের পাঁচ ওয়াচম্যান ও একজন মাঝিকে উদ্ধার করে পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দিয়ে মালিক পক্ষের কাছে বুঝিয়ে দেয়া হয়।