গফরগাঁও সড়কে নিচু হয়ে ঝুলে আছে বিদ্যুতের তার একজনের প্রাণহানি
Printed Edition
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকা ও আশপাশের বিভিন্ন সড়কে ঝুলন্ত বিদ্যুতের তার জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। প্রতিদিন এসব সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ শত শত মানুষ চলাচল করলেও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।
সরেজমিন দেখা যায়, পৌর এলাকার মাজার রোড, কলাবাগানসহ বিভিন্ন আবাসিক সড়কে নিচু হয়ে ঝুলে থাকা তার পথচারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ধামাইল এলাকায় ঝুলন্ত তার সরাতে গিয়ে চাঁন মিয়া (৬৬) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ আরো বেড়েছে।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা আব্দুল আজিজ সাদেক বলেন, দ্রুত ঝুলন্ত তার অপসারণে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেয়া প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে আরো প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।