ফিরে দেখা ২০২৫

হকিতে আমিরুলের উত্থান; ব্যাডমিন্টনে তানভীর-গৌরব ও আরচ্যারীতে আলিফের স্বর্ণ

Printed Edition
Sports-4
এশিয়া কাপ আরচ্যারীতে স্বর্ণ জয়ী আবদুর রহমান আফিল; ব্যাডমিন্টন সিরিজে স্বর্ণজয়ী জুটি গৌরব সিংহ ও তানভীর; অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে ৫ হ্যাটট্রিকসহ সর্বোচ্চ গোলদাতা হওয়া আমিরুল ইসলাম

জসিম উদ্দিন রানা

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে একটি বছর। সেকেন্ড-মিনিট-ঘণ্টা-দিন-সপ্তাহ-পক্ষ-মাস-বছর-যুগ প্রকৃতির নিয়মেই সাজানো। লিখা থাকে ব্যর্থতা-সফলতা, আনন্দ-বেদনার কাব্য। কারো জন্য কিছু থেমে থাকে না। তবুও মানুষ আশায় বুক বাঁধে। প্রস্তুতি নেয় এেিগয় চলার। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। ক্রিকেট-ফুটবলের বাইরে নানা সাফল্য-ব্যর্থতার মিশেলে পার করেছে হকিসহ বিভিন্ন ফেডারেশন-অ্যাসোসিয়েশন। সেখানে সাফল্যের গল্প যেমন রয়েছে- তেমনি রয়েছে ব্যর্থতা বিতর্কও।

যুব হকি বিশ্বকাপে আমিরুল বন্দনা

যুব হকি বিশ্বকাপে আলো ছড়িয়েছেন ফুটবলের হামজাখ্যাত আমিরুল ইসলাম। ছয় ম্যাচে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। পাঁচ হ্যাটট্রিকের সুবাদে চার ম্যাচেই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। বাংলাদেশের হকির ইতিহাসে এমন কীর্তি বিরল, নেই বললেই চলে। অংশ নেয়া সব দেশের খেলোয়াড়-কোচ-কর্মকর্তারা শুভেচ্ছায় ভাসিয়েছেন এই ড্রাগ অ্যান্ড ফ্লিকারকে। আমিরুল তার অনন্য-অসাধারণ নৈপুণ্যে ব্যক্তিগত রেকর্ড যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি বাংলাদেশও ঘরে ফিরেছে যুব বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি নিয়ে। মূলপর্বের লড়াইয়ে ছিটকে যাওয়ার পর, স্থান নির্ধারণীতে (১৭-২৪তম) অংশ নেয় লাল-সুবজের যুবারা। সেখানে সব দলকে পেছনে ফেলে ১৭তম স্থান অর্জন করায় চ্যালেঞ্জার ট্রফি জেতেন সামিন, আমিরুল, রকিরা। সার্বিক বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে হকিতে সাফল্যের সেরা বছর ২০২৫। এ বছরই প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করে বাংলাদেশ। আর নারী হকি দল অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ নারী হকিতে প্রথম অংশ নিয়েই ব্রোঞ্জ জয় করে।

ব্যর্থ জাতীয় হকি দল

বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা বড় বড় বুলি আওড়ালেও যুব হকি বিশ্বকাপের সাফল্য ছাড়া বছরজুড়ে আলোচনার বাইরে ছিল দেশের হকি। ঘরোয়া লিগ-টুর্নামেন্ট এ বছরও আলোর মুখ দেখেনি। আন্তর্জাতিক অন্য আসরেও নিজেদের মেলে ধরতে পারেনি। বিশেষ করে এএইচএফ কাপে বিগত আসরগুলোতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড থাকলেও, ২০২৫ সালে ফাইনালে উঠতেই ব্যর্থ লাল-সবুজের দল। বরং এই আসরকে কেন্দ্র করে সমালোচনা আর বিতর্কের জন্ম দেয় হকি ফেডারেশন। এএইচএফ কাপের প্রাথমিক দলে ছিলেন না দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। ফিট থাকার পরও শুধু বয়সের মারপ্যাঁচে জিমিকে আসর থেকে দূরে রাখা হয়। এএইচএফ কাপের ব্যর্থতার পর ভারতের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ জাতীয় হকি দলের ভরাডুবি।

গৌরব-তানভীরে গৌরবান্বিত ব্যাডমিন্টন

বাংলাদেশের ব্যাডমিন্টনের জন্মলগ্ন থেকে যা ঘটেনি তা এ বছর করে দেখিয়েছেন স্বাগতিক শাটলাররা। ঘরের মাঠে অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে মিশ্র দ্বৈতের ফাইনালে রৌপ্যপদক জেতেন আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। আন্তর্জাতিক আসরে এটিই বাংলাদেশের সেরা সাফল্য। সেই সাফল্যের মুকুটে আরো একটি রতœখচিত পালক যোগ করেন গৌরব সিংহ ও তানভীর জুটি। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের ফাইনালে স্বদেশী নাঈম-মিজান জুটিকে হারিয়ে স্বর্ণপদক জিতেন গৌরব-তানভীর। বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক জেতার রেকর্ড এই প্রথম।

কাবাডিতে উজ্জ্বল নারীরা

নারী কাবাডিতে দারুণ এক বছর পার করেছে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয়- বছরের সেরা সাফল্যের একটি। দেশের বাইরে থেকেও সাফল্য এসেছে। মার্চে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতে মেয়েরা। এর বাইরে যুব এশিয়ান গেমসে অনূর্ধ্ব-১৮ বালক এবং বালিকা উভয় দলই ব্রোঞ্জ পদক জিতে বছরটি সাফল্যে রাঙান।

আরচ্যারীতে আলিফ-চপলের বছর

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আরচ্যারির দ্বিতীয় লেগে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে স্বর্ণ জেতেন আবদুর রহমান আলিফ। আন্তর্জাতিক আসরে এটি তার ব্যক্তিগত সেরা সাফল্য। আলিফের আগে এশিয়া কাপ স্টেজ-৩ থেকে স্বর্ণ জেতার কীর্ত রয়েছে রোমান সানার। বছরের মধ্যভাগে আলিফের অর্জনকে আরো উজ্জ্বল করেছেন বন্যা আক্তার, হিমু বাছাড়, কুলসুম আক্তাররা। ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নের মিশ্র দ্বৈতে হিমু-বন্যা জুটি রুপা জেতেন। কম্পাউন্ড থেকে ব্রোঞ্জ জেতেন কুলসুম। সাংগঠনিক দিক থেকেও এগিয়ে ছিল বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। সভাপতি নির্বাচনে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে পরাজিত করে এশিয়ান আরচ্যারীর সভাপতি হন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

সলিডারিটি গেমসে সাফল্য

সৌদি আরবে অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রুপা জিতে ইতিহাস রচনা করেন বাংলাদেশের টেবিল টেনিসের দুই পরিচিত মুখ অভিজ্ঞ জাভেদ আহমেদ ও উদীয়মান প্রতিভা খৈ খৈ সাই মার্মা। টিটির ইতিহাসে এটিই বাংলাদেশের সেরা সাফল্য। একই গেমসের উশু ইভেন্ট থেকে বাংলাদেশের শিখা খাতুন ৫৬ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জেতেন। ভারোত্তোলন থেকে আসে আরো তিনটি ব্রোঞ্জ। মারজানা আক্তার ইকরা জার্ক-সø্যাচ-টোটালে ব্রোঞ্জ জেতেন।

প্যারা গেমসের সাফল্য

সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দু’টি রৌপ্য পদক জেতেন বাংলাদেশের প্রতিবন্ধী অ্যাথলেটরা। আরচারি, তায়কোয়ান্দো, ব্যাডমিন্টন, প্যারা সুইমিং এবং হুইলচেয়ার বাস্কেটবল দল দেশের জন্য এই সাফল্য বয়ে আনে।

বিভিন্ন কমিটিতে রদবদল ও বিওএর নির্বাচন

বছরজুড়েই বিভিন্ন ফেডারেশনের কমিটিতে চলেছে রদবদল। এর মধ্যে শুটিং, আরচ্যারি এবং মহিলা ক্রীড়া সংস্থা উল্লেখ্যযোগ্য। তবে গঠিত নতুন কমিটি নিয়ে নানা বিতর্ক এবং প্রশ্ন উঠেছে। অনেকে আবার আন্দোলনেও নেমেছে। মহিলা ক্রীড়া সংস্থার কমিটিতে অনেক অপরিচিত মুখ অন্তর্ভুক্ত হওয়ায় আন্দোলনে নামেন ক্রীড়াঙ্গনের অনেকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে গঠিত সার্চ কমিটির সংস্কার কার্যক্রম নিয়েও উঠেছে প্রশ্ন। সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা এবং সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব:) বছর শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনে যথাক্রমে মহাসচিব এবং সহসভাপতি নির্বাচিত হন।

দাবায় নতুন আন্তর্জাতিক মাস্টার

রানী হামিদ, শামীমা আক্তার লিজা এবং শারমিন সুলতানা শিরিনের পর দাবায় বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেন ওয়াদিফা আহমেদ। এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এ কীর্তি গড়েন তিনি। এ বছর আলোচনায় ছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। সবচেয়ে বয়সী দাবাড়ু হিসেবে (৫৯ বছর বয়সে) জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন।

যৌন হয়রানির অভিযোগে শুটারদের মানববন্ধন

২০২৫ সালে অন্যতম আলোচিত ঘটনা ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি। ক্রিকেটার জাহানারা আলম প্রথমে এ বিষয়ে অভিযোগ তোলেন। এরপর শুটিং থেকেও অভিযোগ ওঠে। শুটার এমার অভিযোগের ভিত্তিতে সাবেক শুটার শারমিন আক্তার রতœা, কামরুন নাহার কলির মতো সময়ের সেরা শুটাররা ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তার অপসারণ চেয়েও মানববন্ধন করেন। জাতীয় ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত সুরাহা হয়নি।

রোমান-জহিরদের দেশত্যাগ

আলোর নিচে অন্ধকারের মতো ঘটনাও ঘটেছে ২০২৫ সালে। বাংলাদেশের আরচারির তিন তারকা রোমান সানা, দিয়া সিদ্দিকী এবং হাকিম আহমেদ রুবেল দেশ ছেড়ে পাড়ি জমান মার্কিন মুলুকে। তাদের দেখানো পথে হাঁটেন ২০০ মিটার স্প্রিন্টের রাজা জহির রায়হানও।