প্রথমবার নক আউটে তানজানিয়া
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আফ্রিকান কাপ অব নেশনস ২০২৫-এর ‘ডি’ গ্রুপে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। গত পরশু তানজিয়ারে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করে সাদিও মানের দল। একই সময়ে রাবাতে বোতসোয়ানাকে ৩-০ গোলে হারালেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। অন্য দিকে গ্রুপ ‘সি’তে নাইজেরিয়া ১০ জনের উগান্ডাকে ৩-১ গোলে হারিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শতভাগ জয়ে শীর্ষে শেষ করেছে গ্রুপ পর্ব। তিউনিসিয়ার সাথে ১-১ গোলে ড্র করেও প্রথমবারের মতো নকআউট পর্বে তানজানিয়া।
গ্রুপ ‘ডি’-তে তিন ম্যাচে সেনেগাল ও ডিআর কঙ্গো দু’দলই ৭ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে দুই গোলে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাপ থিয়াওয়ের সেনেগাল। বেনিনের বিপক্ষে সেনেগালের হয়ে ৩৮ মিনিটে ক্রেপিন দিয়াত্তার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন আবদুলায়ে সেক। ৬২ মিনিটে মানের দুর্দান্ত কাটব্যাক থেকে ব্যবধান বাড়ান হাবিব দিয়ালো। ৭১ মিনিটে ভিএআর রিভিউয়ের পর অধিনায়ক কালিদু কুলিবালির হলুদ কার্ড লাল কার্ডে রূপ নেয়, ১৯ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেও সেনেগাল নিয়ন্ত্রণ ধরে রাখে। যোগ করা সময়ে ৯৭ মিনিটে চেরিফ এনদিয়ায়ের পেনাল্টিতে স্কোরলাইন হয় ৩-০।
ডি’আর কঙ্গো রাবাতে- তসোয়ানার বিপক্ষে জয় পায় গায়েল কাকুতার অসাধারণ পারফরম্যান্সে। তার ব্যাকহিল থেকে প্রথম গোল করেন নাথানায়েল এমবুকু। বিরতির আগে পেনাল্টি পেয়ে দ্বিতীয় গোল করেন কাকুতা, আর ৬০ মিনিটে থিও বোনগোন্দার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি।
এই ফলাফলে সেনেগাল শনিবার তানজানিয়াই গ্রুপ ‘ই’-এর তৃতীয় হওয়া দল বুর্কিনা ফাসো বা সুদানের বিপক্ষে শেষ ষোলো খেলবে। বুর্কিনা ফাসো ও সুদান বুধবার মুখোমুখি হবে। অন্য দিকে ডিআর কঙ্গো খেলবে আলজেরিয়ার বিপক্ষে আগামী মঙ্গলবার।
এ দিকে ‘সি’ গ্রুপে নাইজেরিয়া ১০ জনের উগান্ডাকে ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শতভাগ রেকর্ডে শীর্ষে শেষ করেছে। ২৮ মিনিটে পল ওনুয়াচু গোল করে ২০২১ সালের পর জাতীয় দলে প্রথম গোল পান। ৫৬ মিনিটে উগান্ডার বদলি গোলকিপার সালিম জামাল মাগোলা ডি বক্সের বাইরে ৯ মিটার দূরে হাতে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেন। ৬২ ও ৬৭ মিনিটে রাফায়েল অনিয়েদিকা দুই গোল করেন। ৭৫ মিনিটে রজার্স মাতোর সান্তনাসূচক গোলটি আসে।
একই গ্রুপে তিউনিসিয়ার সাথে ১-১ ড্র করে ইতিহাস গড়েছে তানজানিয়া। ৪৩ মিনিটে ইসমাইল ঘারবির পেনাল্টিতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ফেইসাল সালুমের শক্তিশালী শটে সমতা ফেরায় তারা। মাত্র ২ পয়েন্ট নিয়েও সেরা চার তৃতীয় দলের একটি হয়ে ৪৫ বছর পর প্রথমবার আফ্রিকান কাপের নকআউটে উঠল তানজানিয়া।