বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি জিতু
ছাত্রদলে যুক্ত হলেন একাধিক হল সংসদ প্রতিনিধি
Printed Edition
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের একাধিক নির্বাচিত প্রতিনিধি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।
গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জিতু। এ সময় তিনি বলেন, একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, জাকসুর ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদের সবাইকে স্বাগত জানাই।
এ দিন ছাত্রদলে যোগদান করেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হন। জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টিতে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হলেও শীর্ষ পদ ভিপিতে বিজয়ী হয়ে আলোচনায় আসেন জিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।