প্রকৌশলীদের নিয়ে জামায়াতের পলিসি ডায়ালগে অভিমত
বসবাসযোগ্য ও মানবিক নগরী গড়তে প্রয়োজন দুর্নীতিমুক্ত নেতৃত্ব
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
একটি বসবাসযোগ্য ও মানবিক নগরী গড়তে সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন বলে মনে করেন প্রকৌশলী ও পরিকল্পনাবিদরা।
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগের উদ্যোগে রাজধানীর সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ‘একটি বসবাসযোগ্য ও মানবিক নগরী’ শীর্ষক পলিসি ডায়ালগে এ অভিমত ব্যক্ত করেন তারা। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে জেলাভিত্তিক উন্নয়নের যে বাজেট দেয়া হতো তাতে ব্যাপক বৈষম্য করা হতো। মাত্র তিন-চারটি জেলা প্রায় অর্ধেক বরাদ্দ পেত। আর বাকি জেলাগুলো পেত অর্ধেক বরাদ্দ। এতে উত্তরবঙ্গসহ অনেক এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া যে বাজেট বরাদ্দ হয় তাও সঠিকভাবে ব্যবহার করা হয় না। নেতৃত্ব সৎ না হলে এ ধরনের বৈষম্য চলতেই থাকবে। এজন্য আগামীতে সৎ ও দুর্নীতিমুক্ত ব্যক্তিদের বিজয়ী করে সরকারে আনতে হবে।
অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে একটি সৎ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেবে। যা জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। বক্তারা বলেন, দেশে সম্পদের কোনো অভাব নেই, অভাব শুধু সুশাসনের। অনুষ্ঠানে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে আগামীতে রাজধানীর সড়ক, জলাবদ্ধতা ও যানজট দূরীকরণ এবং দেশব্যাপী স্থানীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।