সেন্টমার্টিনগামী জাহাজে আগুন : ক্রু নিহত অল্পের জন্য রক্ষা পান ১৯৪ পর্যটক

Printed Edition
3rd-4
নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজে দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ড : নয়া দিগন্ত

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার শহরতলীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডে জাহাজের ক্রু নিহত হয়েছে। জাহাজে ওঠার জন্য ঘাটে আপেক্ষমাণ ১৯৪ জন পর্যটক অল্পের জন্য রক্ষা পেয়েছেন ।

নিহত নুর কামাল (৩৫) অগ্নিকাণ্ডের সময় একটি জাহাজের কক্ষে তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন যাত্রার জন্য ঘাটে বার্থিং করার সময় জাহাজে হঠাৎ আগুন লেগে যায়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনো অগ্নি নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও কোস্টগার্ডসহ প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত লাশ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কি না খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা।’

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘১৯৪ জন পর্যটক আজ এ জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যবশত কেউ জাহাজে উঠেননি, ঘাটে অপেক্ষা করছিলেন। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে, বাকিরা আগামীকাল যাবেন।’

আটলান্টিক ক্রুজের যাত্রীরা বলেন, জাহাজে ওঠার জন্য অপেক্ষমাণ ছিলাম, এ সময় হঠাৎ আগুন ধরে যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণ কিংবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কি না খতিয়ে দেখা হচ্ছে, পরে বিস্তারিত বলা যাবে।’