বাবার কবরের পাশে আবেগাপ্লুত তারেক রহমান

স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

Printed Edition
first-2
১৭ বছর পর দেশে ফিরে বাবার কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর দিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এ স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিয়েছেন দোয়া-মুনাজাতে। মুনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান।

গতকাল শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলানগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় দলের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

গতকাল দুপুর থেকেই তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।

জিয়ারতকালে তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয়পর্যায়ের শীর্ষ নেতারা।

কবর জিয়ারত শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা জানানোর কথা থাকলেও যেতে পারেননি।

স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গতকাল শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতারা। সূর্যাস্তের আগে না পৌঁছানোর কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান জাতীয় স্মৃতিসৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা। বিকেল ৫টা ৬ মিনিটে তারা শ্রদ্ধা নিবেদন করেন তারা। এতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, মোহাম্মদ আইয়ুব খান, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী আকবর এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, জাতীয় স্মৃতিসৌধে সম্মান ও ভালোবাসার আনুষ্ঠানিকতা যা দিনের আলোতেই সম্পন্ন করা হয়, কারণ এটি শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের একটি চিরায়ত পদ্ধতি। তাই তারেক রহমানের পক্ষে সূর্যাস্তের আগে দলটির নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

ব্যাপক নিরাপত্তাব্যবস্থা

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধের গণপূর্ত অধিদফতর ও পুলিশ কর্মকর্তারা জানান, এ উপলক্ষে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন ছিল।

আমিনবাজার -স্মৃতিসৌধ পর্যন্ত নেতাকর্মীদের ভিড়

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গতকাল শুক্রবার শেষ বিকেলে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসার পথে আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফ্যাস্টুন,বিভিন্ন রঙ-বেরঙের ক্যাপ ও টিশার্ট পরে প্রিয় নেতাকে অভিবাদন জানাতে ভিড় করেছিলেন। এ সময় সাভার থানা রোড, পাকিজা এলাকা, সিঅ্যান্ডবি ডেইরি গেটসহ বিভিন্ন পয়েন্টে আরিচাগামী মহাসড়কে বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাদ জুমা থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল প্রবল আনন্দ উচ্ছ্বাস ও আবেগ। এ উপলক্ষে ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) ধানের শীষের মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের স্মৃতিসৌধে আগমন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আগমন এবং একই সাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ৩৫ হাজার রঙিন ক্যাপ ও গেঞ্জি-টিশার্ট বিতরণ করা হয়। এ সময় সাভার পৌর এলাকার পাকিজা মোড়ে সাভার পৌর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজম খান, সাভার পৌর মহিলা দল নেত্রী তানিয়া ইয়াসমিন, সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ মোল্লাহ, ৮নং ওয়ার্ড সহসভাপতি আব্দুর রহিম পালোয়ান, সাভার পৌর যুবদল নেতা মো: সোহেল মিয়া, বিএনপি নেতা বাদল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তারেক রহমান আজ ইসিতে যাচ্ছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ শনিবার ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড করার জন্য আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বেলা ১১টায় কমিশনে যাবেন বলে বিএনপির মিডিয়ার সেল বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ সাড়ে ১৭ বছর দেশে ছিলেন না। ২০০৮ সালে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। এরপর উনি আর ভোটার হতে পারেননি। এবার তিনি বগুড়া থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশে নেবেন।

এ দিকে গত ২২ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন।