চবিতে বিনামূল্যে এআই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

Printed Edition
artho-1
চবিতে বিনামূল্যে এআই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতে বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রশিক্ষণ কোর্স ‘এআই নেভিগেটর-২০২৬’ এর যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সের উদ্বোধন করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান ‘সেন্ড অ্যা লিটল হোপ’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, চবি ইনস্টিটিউট কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি), অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছর এই কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আগামীর সময় নিশ্চিতভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার। যারা এই প্রযুক্তিতে নিজেদের দক্ষ করতে পারবে, তারাই ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিবে।’ শিক্ষার্থীদের জন্য এমন সময়োপযোগী প্রশিক্ষণের সুযোগ করে দেয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বলেন, এআই বিশ্ব শাসন করবে, তাই দেশ ও জাতির কল্যাণে সবাইকে এই প্রযুক্তির সুফল সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন। কোর্সের বিস্তারিত তুলে ধরে ‘সেন্ড অ্যা লিটল হোপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান প্রযুক্তি বিশ্বকে আমূল বদলে দিচ্ছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সেই পরিবর্তনের সারথি হতে পারবে।

উল্লেখ্য, ৫-৬ সপ্তাহব্যাপী এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতি সেশনে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। মোট চারটি মডিউলের অধীনে ৮টি লাইভ সেশন এবং প্রাকটিক্যাল প্রজেক্ট সম্পন্ন করতে হবে। কেবল বিজ্ঞান অনুষদ নয়, বরং সকল অনুষদের শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি উন্মুক্ত রাখা হয়েছে। কোর্স শেষে সেরা ৫টি প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে এবং অংশগ্রহণকারীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনের বিশেষ সুযোগ থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, এমআইএসটির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো: আশরাফুল ইসলাম এবং সেন্ড অ্যা লিটল হোপ-এর কান্ট্রি ডিরেক্টর সাদমান সাকিব চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।