নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার লক্ষণ দেখছি না : আমীর খসরু
Printed Edition
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। গতকাল রোববার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এক ঘণ্টার এই সাক্ষাতের পরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, আমাদের সাথে দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি নির্বাচন, নির্বাচনে সরকারের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে বাংলাদেশ-কানাডা-সম্পর্ক কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। যদি জনগণ বিএনপিকে সুযোগ দেয় তাহলে কানাডার সাথে কোথায় কোথায় কাজ করার সুযোগ থাকবে তা নিয়ে আলোচনা হয়েছে। কৃষি, আইটি সেক্টার, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কানাডার সহযোগিতা বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে বলে জান্ন তিনি।
ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে : ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো লক্ষণ আমি দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে। সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে। এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে, ব্যাহত করার চেষ্টা করে কোনো লাভ নাই।
আমীর খসরু বলেন, দ্বিমত থাকবেই। যেকোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। এটাতে কোনো অসুবিধা নাই। দ্বিমত পোষণ করার সবার অধিকার আছে।
ধর্ষণের বিরুদ্ধে আরো সরকারের সক্ষমতা চাই : এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, শুধু এখানে না সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটছে। অনেক ঘটনার রিপোর্ট হচ্ছে না। এটার বিরুদ্ধে সরকারকে আরো সক্ষম হতে হবে, আরো তাদের নজরদারি বাড়াতে হবে।
তিনি বলেন, এই সব ঘটনার রাজনীতিকরণ করা হচ্ছে। যারা এসব ঘটনা ঘটিয়ে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে দুর্ভাগ্যবশত তাদের সফল হওয়ার সুযোগ নেই। কুমিল্লায় কারা ওই ঘটনা ঘটিয়েছে এটা সবাই জানে। আমি যতটুকু জেনেছি এটা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
ভারত-বাংলাদেশ সম্পর্ক : আমীর খসরু বলেন, দু’টি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য কতগুলো প্রিকন্ডিশন থাকে। সম্পর্ক যদি রাখতে হয় বাংলাদেশ ভারতের সম্পর্কটা হতে হবে পরস্পরের প্রতি সম্মানবোধের আলোকে, এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থরক্ষার স্বার্থে।