খেলাফত আন্দোলনের ইফতারে ডা: শফিক
দেশ গঠনে আমরা একসাথে কাজ করব
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা: শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে বিভেদহীন ঐক্যের বিকল্প নেই। দেশ গঠনে আমরা একসাথে কাজ করব।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত ‘দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভেদহীন জাতীয় ঐক্য চাই’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতির বক্তৃতায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত মাওলানা আবুজর কাসেমী বলেন, পতিত নিষ্ঠুর জুলুমবাজ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে স্থায়ীভাবে প্রতিহত করতে হলে মহান জুলাই আগস্টের সংগঠিত বিপ্লবে অংশগ্রহণকারী সকল পক্ষকে বিভেদ বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দলের মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন, দলের সিনিয়র নায়েবে আমির ও মুখপাত্র আলহাজ মো: আজম খান, নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আবুল কাশেম কাশেমী, নায়েবে আমির মাওলানা মুহাম্মদ আবদুল কাদের কাসেমী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান খান, বাংলাদেশ মানবতাবাদী দলের চেয়ারম্যান ক্যাপ্টেন ইব্রাহিম খলিল, ময়মনসিংহ জেলা আমির মাওলানা মুহাম্মদুল্লাহ ফারুকী, ময়মনসিংহ মহানগর আমির শাইখুল হাদিস মাওলানা মাওলানা নুরুজ্জামান প্রমুখ।
দলের মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ভারতের বিজেপি দাঙ্গাবাজ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভারত বিশ্বের শ্রেষ্ঠ সুশাসক সম্রাট আওরঙ্গজেবের মাজার ভাঙ্গার চক্রান্ত করছে। মন্দির অনুসন্ধানে মসজিদ মাদরাসা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙছে। বিশ্বের মানবতাবাদীদের এ ব্যাপারে সোচ্চার হতে হবে।