গাভাস্কারের মানসিকতা নিচু : আজিম রফিক

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দ্য হান্ড্রেডের নিলামে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে সুনীল গাভাস্কারের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার আজিম রফিক। গাভাস্কারের এই অবস্থানকে ‘বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে রফিক বলেন, কিংবদন্তি ক্রিকেটার হিসেবে গাভাস্কার কোনো ছাড় পাওয়ার যোগ্য নয়। তিনি নিচু মানসিকতার।

গত সপ্তাহে দ্য হান্ড্রেডের নিলামে সানরাইজার্স লিডস ১৯০,০০০ পাউন্ডের বিনিময়ে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেয়। দলটির মালিকানায় রয়েছে ভারতের সান টিভি নেটওয়ার্ক, যারা আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদেরও মালিক। এই ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’-তে একটি কলামে গাভাস্কার লিখেন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের দেয়া অর্থ পরোক্ষভাবে ভারতের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। তারা সরকারকে যে আয়কর দেয়, তা দিয়ে অস্ত্র কেনা হয়। যা পরোক্ষভাবে ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মালিকানা ভারতীয় হলে সেই অর্থ ভারতীয়দের হতাহতের পেছনেই ভূমিকা রাখছে। টুর্নামেন্ট জেতা কি ভারতীয়দের জীবনের চেয়েও বড়?’