নাইজেরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত ৩০
Printed Edition
এএফপি
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনুয়ে রাজ্যের দু’টি শহরে কয়েক দিনের ব্যবধানে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের ঝুঁকিতে থাকা এ অঞ্চলে নতুন করে সহিংসতা দেখা দিয়েছে। স্থানীয় সরকার কর্মকর্তা ইবি অ্যান্ড্রু জানান, শুক্রবার বিকেলে কোয়ান্ডে এলাকার আনওয়াসে গ্রামে ডাকাত দলের সদস্যরা বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১৩ জন ব্যবসায়ী নিহত হন। হামলায় দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে। এ দিকে বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যমের মতে, গত মঙ্গলবার সশস্ত্র ব্যক্তিরা নিকটবর্তী এমবাইকিওরের বাজারে আক্রমণ করে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ১৭ জন নিহত হন।
জমি ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে মুসলিম জাতিগত ফুলানি পশুপালক এবং প্রধানত খ্রিষ্টান কৃষকদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। যদিও সাধারণত এসব সংঘর্ষকে সাম্প্রদায়িক হিসেবে উপস্থাপন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে জমি সংক্রান্ত দ্বন্দ্ব, ছোট অস্ত্রের বিস্তার এবং নাইজেরিয়ান রাষ্ট্রের টেকসই প্রতিক্রিয়ার অভাবের কারণে এই অস্থিরতা আরো জটিল আকার ধারণ করেছে।