প্রাইম ব্যাংকের উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ’ সেমিনার
Printed Edition
তরুণ প্রজন্মকে আধুনিক ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে উৎসাহিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক বিশেষ সেমিনার আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইম একাডেমিয়া’-এর আওতায় বুয়েট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটি বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম নাজিম এ. চৌধুরী। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবনী প্রযুক্তির কল্যাণে ব্যাংকিং খাত এক দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন তার বক্তব্যে টেকসই আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে নারী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি নৈতিক ব্যাংকিং ও মূল্যবোধভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করে নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে নেতৃত্বের ভূমিকা গ্রহণে উৎসাহিত করেন।
প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান আর্থিক স্বাক্ষরতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কাঠামোবদ্ধ ব্যাংকিং জ্ঞান তরুণদের দায়িত্বশীল আর্থিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারওয়ার একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতার সমন্বয় সাধনের মাধ্যমে বাস্তব জীবনের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেন। বিজ্ঞপ্তি।