যুদ্ধ ও শান্তি নিয়ে ট্রাম্পের সাথে ফোনালাপ
ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করার প্রস্তাব পুতিনের
Printed Edition
রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথোপকথনে প্রেসিডেন্ট পুতিন ইরান ঘিরে সংঘাতের দ্রুত মীমাংসার জন্য প্রস্তাবনা পেশ করেছেন।
সাংবাদিকদের কাছে ওই কথোপকথনের বিবরণ দিয়ে উশাকভ বলেন, দুই নেতা ইউক্রেনের সংঘাত নিয়েও আলোচনা করেছেন এবং তাদের আশা আলোচকদের একটি মীমাংসার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে।
তিনি পুরো আলোচনাকে থ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরানি সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক অবসানের লক্ষ্যে বেশ কয়েকটি চিন্তাভাবনা প্রকাশ করেছেন, যার মধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সাথে যোগাযোগের বিষয়গুলোও অন্তর্ভুুক্ত।
তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের অভিযান সম্পর্কে তার মূল্যায়ন উপস্থাপন করেছেন। আমি বলতে চাই যে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে কার্যকর ধারণা বিনিময় হয়েছে। উশাকভ বলেন, ট্রাম্প বিশ্বাস করেন যে, যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি নিষ্পত্তির মাধ্যমে ইউক্রেনের সংঘাতের দ্রুত অবসান সম্ভব। উশাকভ আরো বলেন, এই দুই নেতা বিশ্বব্যাপী তেল বাজারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।
বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কট বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে, সোমবার পুতিন এমন সতর্কতা জানানোর কয়েক ঘণ্টা পর দুই প্রেসিডেন্ট ফোনে কথা বলেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণে সৃষ্ট অস্থিরতার পর সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণে জ্বালানি তেলের মূল্যে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা দিয়েছে। ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় পারস্য উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলো উৎপাদন হ্রাস করেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ সঙ্কট তৈরি হচ্ছে।
ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্প পুতিনকে ফোন করেছিলেন। এটি চলতি বছরে এই দুই নেতার প্রথম ফোনালাপ। তারা ইরান যুদ্ধ দ্রুত শেষ করার রাশিয়ার ধারণা, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং বিশ্ব তেলের বাজারে ভেনেজুয়েলার প্রভাব নিয়ে আলোচনা করেন। নিজের ফ্লোরিডার গল্ফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সাথে আমার বেশ ভালো আলাপ হয়েছে।’
পুতিন ইরান প্রসঙ্গে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘আমি বলেছি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করে আপনি আরো বেশি সাহায্য করতে পারেন। সেটা আরো বেশি সহায়ক হবে,’ বলেন ট্রাম্প।
তাদের এই ফোনালাপের কয়েক ঘণ্টা আগে পুতিন বলেছিলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন, ইসরাইলি যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কট তৈরি করেছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। পুতিন জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল রফতানিকারী ও বৃহত্তম গ্যাস রিজার্ভের দেশ রাশিয়া ইউরোপীয় ক্রেতাদের সাথে কাজ করতে প্রস্তুত যদি তারা দীর্ঘমেয়াদি সহযোগিতায় ফিরে আসতে চায়।