হাম উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন সিলেট বিভাগে এবং বাকি দুইজন ঢাকা ও চট্টগ্রামে মারা গেছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সময় নতুন করে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২২ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ শিশুর, আর উপসর্গ মিলেছে ৯৭৪ শিশুর। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯টি শিশু, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১১টি শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৫৭৮ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৩ হাজার ১৪৮ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ এক হাজার ২৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৯৭ হাজার ৫৩২ জন।
সিলেটে আরো ৩ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, টিকাদানের সফলতার কারণে কিছুদিন নিয়ন্ত্রণে থাকা হাম সিলেট বিভাগে আবারো ভয়াবহ রূপে ফিরে এসেছে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে শিশু রোগীর ভিড় ও উদ্বিগ্ন অভিভাবকের সংখ্যা। সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়- মৃত্যুর মিছিল থামছে না।
সর্বশেষ ২৪ ঘণ্টায় এই বিভাগে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর মধ্যে এক বছর পাঁচ মাসের তাসফিয়া হবিগঞ্জের বানিয়াচং, এক বছর সাত মাসের আব্দুল্লাহ সুনামগঞ্জের জামালগঞ্জ ও আট মাসের তানভীর একই জেলার সদর উপজেলার বাসিন্দা।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৮ জন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছেন ১০৩ জন। তাদের মধ্যে ১০২ জনই শিশু।