দেখভালের অভাবে কোটি টাকার সড়কবাতি অকেজো
Printed Edition
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর বেড়িবাঁধসহ বিভিন্ন সড়কে কোটি টাকা ব্যয়ে স্থাপিত সৌর সড়কবাতিগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে। সোলার প্যানেল, ব্যাটারিসহ নানা সরঞ্জাম নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার ছিঁচকে চোরদের উপদ্রবে অধিকাংশ বাতি চুরি হয়ে গেছে। ফলে নিকলী সদরসহ উপজেলার বিভিন্ন রাস্তায় এখন কেবল অচল ও বাতিহীন খুঁটিগুলো দাঁড়িয়ে আছে।
জানা গেছে, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, পাড়া-মহল্লা, হাসপাতাল, মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক ধাপে এসব সৌরবাতি স্থাপন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল স্থানীয়দের যাতায়াত সহজ করা এবং বর্ষা মৌসুমে আসা পর্যটকদের রাতের চলাচল নির্বিঘœ করা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এগুলো দেখভালের কেউ নেই।
তদারকির অভাবে পাঁচ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধসহ উপজেলার সড়কগুলো রাতে ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকে। এতে স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকদের মনে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের চরম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, বর্ষার পানি পুরোপুরি আসার আগেই জরুরি ভিত্তিতে সড়কবাতিগুলো দ্রুত সংস্কার ও সচল করা প্রয়োজন।
নিকলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, অচল সড়কবাতিগুলোর বিষয়ে উপজেলা পরিষদের একাধিক সভায় আমি বেশ কয়েকবার কথা তুলেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। তবে স্থানীয় নাগরিকদের ও পর্যটকদের দুর্ভোগ লাঘবে বিষয়টি নিয়ে আমি খুব শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আবারো কথা বলব।