আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি।

রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই।

বিএনপি সিদ্ধান্ত নিয়েছে রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন যেটা ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ থানা নিয়ে গঠিত এই আসনে রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন, আমি অনুরোধ করব, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতা-কর্মীকে মো: রাশেদ খানের সাথে কাজ এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেয়ার জন্য।

রাশেদ খান বলেন, আমি ও নুরুল হক নুর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লবে আমার ভূমিকা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে তার সাথে আমার সম্পর্ক।’

আমি মনে করি, নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগ দিয়েছি এবং তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণের জন্য সংগ্রাম করে যাবো ও কাজ করে যাবো।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে এলডিপি থেকে মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন। বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ আসনে এবং সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।