রাজধানীসহ সারাদেশে জামায়াতের বিক্ষোভ

বিপন্ন গাজাবাসীর সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হতে হবে : ডা: শফিক

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
back-2
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিক্ষাভ মিছিল : নয়া দিগন্ত

গাজায় নির্মম হামলা ও গণহত্যা বন্ধে এবং মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান ও শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

গতকাল রাজধানীর শেওড়াপাড়াস্থ মনিপুর স্কুল অ্যান্ড কলেজ (ব্রাঞ্চ-৩) মাঠে কাফরুল থানা পশ্চিম জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রায়হানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম এবং সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক।

ডা: শফিকুর রহমান বলেন, গাজা সবসময় অপরাজেয়। কারণ গাজাবাসীরা কুরআনের সঙ্গী ও কুরআনের যোদ্ধা। তারা ভয়কে জয় করেই গাজায় বসবাস করছে। তাদেরকে জন্মভূমি ত্যাগ করার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদান করা হলেও আল্লাহর ফয়সালার অপোয় সেখানেই রয়ে গেছেন। মূলত বিশ্বের সব মা-ই জন্ম দেন সন্তান। কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা। তাই গাজার প্রতিরোধ যোদ্ধাদের কাছে জায়নবাদীরা এক দিন পরাভূত হবে। তাই এ নির্মমতা দেখে কারো পে বসে থাকার সুযোগ নেই বরং যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই এসব মজলুম ভাইবোনের পাশে দাঁড়াতে হবে। পবিত্র এ মাহে রমজান মাসে আল্লাহ ভয় এবং তালিম নিয়ে বিপন্ন গাজাবাসীর সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, মানবরচিত মতবাদে দেশ পরিচালিত হওয়ায় সমাজে এত অস্থিরতা ও অশান্তি। মূলত সমাজ ও রাষ্ট্রে কুরআনকে বিজয়ী করা গেলে কোনো ধর্মের মানুষেরই কোনো সমস্যা থাকবে না। দেশের সব নাগরিক সমাজ অধিকার ভোগ করবে। কেউ কারো হক নষ্ট করার দুঃসাহস করবে না। থাকবে না মানুষে মানুষে কোনো বৈষম্য। সমাজে কোনো দুর্নীতি, দুঃশাসন, অপরাধ, খুন, ধর্ষণ, রাহাজানি থাকবে না। রাষ্ট্রই সব নাগরিকের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। জামায়াত সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশে কুরআন বিজয়ী ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া রক্তখেকো, রক্তচোষা নেতানিয়াহু মানব সভ্যতার দুশমন।

গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী-পুরুষ, শিশু-কিশোরদের হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণের পে ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি তুলতে আহ্বান জানান।

পাসপোর্টে ইসরাইল গমনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি জানিয়ে মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসর শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরাইল যাওয়ার সুযোগ করে দিয়েছে। ইসরাইলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিমদের টাকায় ইসরাইল অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইবোনদের হত্যা করবে তা মেনে নেয়া যায় না, যাবে না। ইসরাইলের ওপর অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ তৈরির দাবিও জানান জামায়াতের এই নেতা।

সভায় আরো বক্তৃতা করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক ড. আবদুল মান্নান ও শামছুর রহমান, ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন প্রমুখ। প্রতিবাদ সভা শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এক বিােভ মিছিল বের হয়ে মৎস্য ভবন পার হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগরী উত্তর : সন্ত্রাসী, দখলদার ও জায়নবাদী রাষ্ট্র ইসরাইলের গাজায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যার বিরুদ্ধে জাতিসঙ্ঘ, আরব লিগ, ওআইসি ও কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল রাজধানীর বাড্ডায় উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনের সড়কে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস ও নির্মম গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলা বন্ধের দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিােভ-পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা: ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ। বিশাল মিছিল উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনে থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

জুলাই আন্দোলনে আহত-পঙ্গুত্ববরণকারীদের চিকিৎসা সহযোগিতা প্রদান : ইতিহাস বিকৃত করা বন্ধে জামায়াতে ইসলামী ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের ইতিহাস বিকৃত হয়েছে। স্বাধীনতা অর্জনের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার কারণেই আজও জাতি সঠিক ইতিহাস জানে না। ছাত্র-জনতার অর্জিত জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্রের এখনই আভাস পাওয়া যাচ্ছে। তবে এই ইতিহাস বিকৃত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী শহীদের নিয়ে ১০ খণ্ডে আড়াই হাজার পৃষ্ঠায় বই প্রকাশ করেছে। এই বইতে শহীদদের পরিচয় ও শহীদ হওয়ার ঘটনা এবং আন্দোলনে ভূমিকা লিপিবদ্ধ আছে। আগামীতে আহত-পঙ্গুত্ববরণকারীদের পরিচয় এবং আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে বই প্রকাশ করা হবে; যাতে কোনো অপশক্তি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করতে না পারে।

গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে শতাধিক আহত-পঙ্গুত্ববরণকারীদের চিকিৎসা সহযোগিতা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্রের সূর্যসন্তানদের রাষ্ট্র যথাযথ সম্মান করেনি। রাষ্ট্র যদি প্রত্যেক শহীদ পরিবারকে এক কোটি টাকা করে সম্মানজনক সহায়তা করে তবে দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে, সেই টাকার তুলনায় এই টাকা কিছুই না। জাতির সূর্যসন্তানদের সম্মান করতে রাষ্ট্রের সদিচ্ছা আর আন্তরিকতার প্রয়োজন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের আগে শহীদ ও আহত-পঙ্গুত্ববরণকারীদের তালিকা করেছে, শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে, আহত-পঙ্গুত্ববরণকারীদের পাশে রয়েছে। কিন্তু এটি রাষ্ট্র করার কথা থাকলেও রাষ্ট্র সেটি এখনো করতে পারেনি।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, ত্যাগের কোনো বিনিময় হয় না। যারা আল্লাহকে অস্বীকার করে তারা মানুষের ত্যাগও অস্বীকার করে। জুলাই গণ-অভ্যুত্থানের বীরদের কারণেই সব রাজনৈতিক দল ও প্রতিটি মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। কিন্তু দেখা যায়, কোনো কোনো রাজনৈতিক দল জুলাই গণ-অভ্যুত্থানের বীরদের অবদান স্বীকার করছে না। গণ-অভ্যুত্থানের মাস্টার মাইন্ড নিজেদের নেতাদের বলে প্রচার চালাচ্ছে। গণ-অভ্যুত্থানের শুরু থেকে অদ্যাবধি জামায়াতে ইসলামীর মতো আর কোনো দল জুলাই গণ-অভ্যুত্থানের বীরদের পাশে দাঁড়ায়নি। এ সময় তিনি বলেন, আমি জুলাই গণ-অভ্যুত্থানের আহত বীরদের সহযোগিতা করতে আসিনি; বরং আমি মনে করি আমার কাছে এই বীরদের আমানত ছিল। সেই আমানত বুঝিয়ে দিতে আসছি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আবদুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সেক্রেটারি মুজিবুর রহমান প্রমুখ।

সব বিষয়ের দিকনির্দেশনা রয়েছে কুরআনে : আহছানুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও প্রতিবেশীদের সম্মানে ইফতার মাহফিল গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিআইএ কার্যালয়ের সম্মেলন কক্ষে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহর সভাপতিত্বে এই মাহফিল সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবজাতির সঠিক পথপ্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাজিল করেছেন। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে এবং মানবজীবনের সব বিষয়ের দিকনির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে।

ফিলিস্তিনে ইসরাইল নির্মম গণহত্যা চালাচ্ছে : সাইফুল আলম খান মিলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা ১২ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর ইসরাইল গণহত্যা চালাচ্ছে। মাহে রমজানের পবিত্র সময়ে খুবই বেদনাদায়ক অবস্থা হলো আমরা যখন ইফতার নিয়ে বসে আছি শান্তিপূর্ণভাবে, ঠিক সেই মুহূর্তে গাজায় গতকাল ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার বোমা হামলা করেছে, সেখানে প্রায় ৪৫০ জন নারী ও শিশুসহ সাধারণ মানুষ নিহত হয়েছে। আজকে সেখানে খাদ্য নেই, পানি নেই, হাসপাতালগুলো বোমা মেরে ধ্বংস করে দেয়া হয়েছে এবং গাজাতে কোনো ত্রাণ ঢুকতে দেয়া হচ্ছে না। এসব কিছু করছে আমেরিকা এবং তার দোসর ইসরাইল।

তিনি গতকাল বিকেলে রাজধানীর নাখালপাড়ায় হাজী রেস্তোরাঁয় তেজগাঁও উত্তর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আল কুরআন ও আমাদের সমাজ শীর্ষক এ আলোচনা ও ইফতার মাহফিল থানা আমির ও ২৫ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী হাফেজ আহসান উল্লাহ ও পরিচালনা করেন থানা সেক্রেটারি রাসিবুল হক নাসিফের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, কাফরুল উত্তর থানা নায়েবে আমির আলাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক, ইউনুস শেখ, ইঞ্জিনিয়ার মহসিন খান, সোলাইমান হোসেন, শূরা সদস্য রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মাস্টার নজরুল ইসলাম, নোমান উদ্দিন, আমিনুল ইসলাম, হাবীবউল্লাহ বাহার, মাওলানা নুর উদ্দিন, শ্রমিক নেতা খন্দকার শফিকুল আলম ও কাজী মুজিবুর রহমান প্রমুখ।

মুসলিম বিশ্বকে ভূমিকা রাখার আহ্বান

রাজশাহী ব্যুরো জানায়, গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেন, বিশ্ব মানবাধিকারের পক্ষে অনেকেই কথা বলেন, কিন্তু ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা হলে সবাই নিশ্চুপ থাকেন।

গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।

এর আগে একটি মিছিল নগরীর আলুপট্টি মোড় হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, মানবতার দুশমন ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসঙ্ঘ ও আমেরিকা।