আবুধাবি ও শারজাহ রুটে ফ্লাইট ফের শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৩ মার্চ থেকে দুবাইয়ের শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
গতকাল এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো: কামরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশীরা ভিসাসংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চিত সময় অতিক্রম করছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালন করার উদ্দেশ্যে প্রবাসীরা বাংলাদেশে এসে পরিবারের সাথে মিলিত হতে পারবেন কি-না তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছেন। সব ধরনের অনিশ্চয়তা থেকে পরিত্রাণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ মার্চ সপ্তাহে তিন দিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে। এ ছাড়া ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে। উল্লেখ্য, প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে।