বাবুনগরীর সাথে সাক্ষাৎ
১১ দলীয় জোট কৌশলগত, হেফাজতে বিভক্তি নেই : মামুনুল হক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোকে নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয় বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে এটি একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য। গতকাল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে মাওলানা মামুনুল হক হেফাজত আমিরের সাথে সাক্ষাৎকালে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনী সঙ্কলন ‘শহীদনামা’ গ্রন্থটি হাদিয়া হিসেবে প্রদান করেন। উল্লেখ্য, বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের অভ্যন্তরে কর্মী-সমর্থকদের মধ্যে যে টানাপড়েন ও ভাঙনের আশঙ্কা সৃষ্টি হয়েছিল, এই সাক্ষাতের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে। মাওলানা মামুনুল হকের উপস্থিতিতে হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দৃঢ় কণ্ঠে বলেন, “আজ পরিষ্কার হয়ে গেছে যে আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।”
প্রেস ব্রিফিংয়ে মামুনুল হক তার অবস্থান পরিষ্কার করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সাথে তাদের আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। এই নির্বাচনী ঐক্যে এমন কিছু দলও রয়েছে যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্ন মত পোষণ করে। তা সত্ত্বেও চলমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থেই এই সাময়িক রাজনৈতিক ঐক্য গড়ে তোলা হয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, হেফাজত আমির যে কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তাধারা ও আকিদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক সংগঠনগুলো দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে। পূর্বসূরিদের আদর্শ অনুসরণ করে পরিচালিত এই ঐক্যবদ্ধ শক্তি আগামী দিনে দেশ ও ইসলামের স্বার্থে যেকোনো দেশীয় বা আন্তর্জাতিক আঘাতের বিরুদ্ধে অতীতের মতো রাজপথে দৃঢ় ভূমিকা রাখবে।
গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকালে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জাসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।