শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে প্রতিষ্ঠানের মানোন্নয়ন জরুরি : ইআবি ভিসি

Printed Edition

শিক্ষার্থীদের শিক্ষাবিমুখতা রোধে শুধু শিক্ষার মানোন্নয়ন যথেষ্ট নয়; বরং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মাদরাসা প্রধানদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। গতকাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘মাদরাসা প্রধানগণের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৬’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভিসি আরো বলেন, শুধু মাদরাসার সংখ্যা বৃদ্ধি করে কাক্সিক্ষত ফল পাওয়া যাবে না, যদি না প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন নিশ্চিত করা যায়। নকল প্রতিরোধের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং নিয়মিত ইন-হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।’ এ ক্ষেত্রে অধ্যক্ষদেরকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী এবং বিএমটিটিআই-এর অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক। এ ছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমানসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।