আইআইইউসির ফার্মেসি মাস্টার্স ল্যাব উদ্বোধন
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফার্মেসি বিভাগের মাস্টার্সের (এম ফার্ম) জন্য অত্যাধুনিক ল্যাব ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
গতকাল শনিবার সকালে ফার্মেসি বিভাগের অ্যাকাডেমিক ভবনে উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতার সায়্যিদ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান কাজী আশফাক আহমেদ চৌধুরী এবং অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক সিরাজুল আরেফিন। উদ্বোধন হওয়া এই ল্যাব জিনগত গবেষণা ও বায়োটেকনোলজিতে ব্যবহৃত জেল ইলেক্ট্রোফোরেসিস সিস্টেম (ডিএনএ/আরএনএ), সঠিক ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় এবং ডাটা বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত এইচপিএলসি, চিকিৎসা ও গবেষণায় ব্যবহৃত ব্লাড অ্যানালাইজার, রাসায়নিক বিশ্লেষণে বহুল ব্যবহৃত স্পেকট্রোফটোমিটার ইত্যাদি ল্যাবরেটরি ইকুইপমেন্ট এবং মেশিনারিজ দিয়ে অত্যাধুনিক ও সমৃদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর, ২০২৫ বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন লিখিতভাবে বেসরকারি বিশ^বিদ্যালয় আইন, ২০১০ এর ২৪(৩) ধারা অনুসারে আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে মাস্টার অব ফার্মেসি (এম ফার্ম) প্রোগ্রাম অনুমোদন প্রদান করে। আইআইইউসির ফার্মেসি বিভাগের অভিজ্ঞ শিক্ষক এবং ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মাধ্যমে পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রাম মাস্টার অব ফার্মেসি (এম ফার্ম) পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।