২০ বছর পর বৈশাখী ক্রীড়া উৎসব
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বৈশাখী ক্রীড়া উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় ২০০৬ সালের পর আগামীকাল ১ বৈশাখ উপলক্ষে ঢাকার পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব-১৪৩৩’। দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
গতকাল বিওএ ডাচ-বাংলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির আহবায়ক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জানান, মোট ১০টি ইভেন্টে প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ এই ক্রীড়া উৎসবে অংশ নিবেন। ইভেন্টগুলো হচ্ছে : আরচ্যারী, কাবাডি, ভলিবল, প্যারা ইভেন্ট, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস, কুস্তি, লাঠি খেলা ও বলি খেলা। অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হবে।’
এ সময় মিডিয়া কমিটির আহবায়ক মো: রুবেল হোসেন ও বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী উপস্থিত ছিলেন।