ওমান নয়-থাইল্যান্ডে হবে হকি বাছাইপর্ব

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পুরুষ হকি কোয়ালিফায়ার ওমান থেকে থাইল্যান্ডের ব্যাংককে স্থানান্তর করা হয়েছে। আসরটি ২ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। যা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল ওমানে হওয়ার কথা ছিল।

ওমানের মাসকাটে মেয়েদের জুনিয়র এএইচ কাপ হওয়ার কথা ছিল। সেটিও স্থগিত হয়ে গেছে। তবে ২০-২৭ এপ্রিল ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের কোয়ালিফাইংয়ে অংশ নিবে বাংলাদেশ নারী হকি দল। তারা বিকেএসপিতে কোচ জাহিদ হোসেন রাজুর তত্তাবধানে অনুশীলন করছেন। পুরুষদের বাছাই পর্বে ৯টি দেশ এই বাছাইপর্বে অংশ নেবে। বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। সেরা ৪টি দল এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৮ সদস্যের পুরুষ হকি দল কোচ হেদায়েতুল ইসলাম রাজীব ও কোচ আশিকুজ্জামানের অধীনে অনুশীলন করছেন।