২০ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিটি করপোরেশন ঘোষণা উপলক্ষে বগুড়ায় বইছে আনন্দের জোয়ার

Printed Edition

বগুড়া অফিস

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আগামী ২০ এপ্রিল (সোমবার) প্রথম বগুড়া সফরে আসছেন জেলার কৃতি সন্তান তারেক রহমান এমপি। এদিন তিনি সকালে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে, সকাল পৌনে ১০টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন , বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ‘শুভ উদ্বোধন , বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড বিতরণ , বাগবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খাল খনন কর্মসূচি উদ্বোধন, বেলা ২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে উপস্থিতি । এরপর বেলা ৩টায় বগুড়া সার্কিট হাউজে নামাজের বিরতি শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জিয়ার জন্মস্থান বাগবাড়ী এলাকায় প্রশাসনের প্রস্তুতি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস শুরু হয়েছে। কারণ বিগত প্রায় ২০ বছর পর তারেক রহমান বাগবাড়ী সফর করবেন। এ ছাড়া সিটি করপোরেশন ঘোষণার খবরে বগুড়া নগরবাসীর মধ্যে খুশির জোয়ার বইছে। দীর্ঘ ২০ বছর বঞ্চিত বগুড়া পৌর সভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রত্যাশা এলাকাবাসীর প্রাণের দাবি ছিল। বগুড়া হতে যাচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশন ।

গত ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ বগুড়া জেলা প্রশাসককে সিটি করপোরেশন ঘোষণার জন্য চিঠি দিতে বলেছে। ফলে বগুড়াবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।

উল্লেখ্য, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে গাবতলী সফর করেন। তিনি ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচনী কাজে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোকে সাথে নিয়ে শেষ সফর করেন।