কৃষিঋণ মওকুফের ১৫৬৮ কোটি টাকা ছাড় করল সরকার

Printed Edition

বিশেষ সংবাদদাতা

১০ হাজার টাকার কৃষি ঋণ মওফুকের জন্য এক হাজার ৫৬৮ কোটি টাকা ছাড় করেছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত খাত থেকে বরাদ্দ ছাড় করা হয়েছে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে গতকাল জানা গেছে। এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, কোনোভাবেই ঋণগ্রহীতা কৃষক যাতে হয়রানির শিকার না হন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, কৃষিঋণ মওকুফের সুবিধা ১২ লাখ কৃষক পাবেন।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, বাস্তবায়নের লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক অনূর্ধ্ব ১০ হাজার টাকা কৃষি ঋণের সুদ ও আসল সরকার কর্তৃক পরিশোধের জন্য অর্থ বিভাগ কর্তৃক এক হাজার পাঁচশত সাতষট্টি কোটি ছিয়ানব্বই লাখ তেত্রিশ হাজার চারশত আশি টাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের অনুকূলে শর্তসাপেক্ষে বরাদ্দ প্রদান করা হয়েছে। শর্তের মধ্যে রয়েছে,

(ক) সুদ আরোপের পরবর্তী সময়ের অনারোপিত সুদ ব্যাংকগুলো নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে মওকুফ করবে। (খ) যে পরিমাণ অর্থ ঝঁংঢ়বহংব হিসাবে (১৩৭,৫৮,৩৯,৮২৫,৬৮ টাকা) স্থানান্তরিত হয়েছে ওই অর্থ ও ব্যাংক কর্তৃক অবলোপন করে এ দায় নিষ্পত্তি হিসেবে গণ্য করে এ সংক্রান্ত কোনো মামলা থাকলে তা ব্যাংকগুলোকে প্রত্যাহার করে নিতে হবে; (গ) বাংলাদেশ ব্যাংক ওই সব তথ্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে নিরীক্ষা সম্পন্ন করবে। নিরীক্ষিত চূড়ান্ত হিসাব পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংক সরকারের কাছে প্রেরণ করবে যার ভিত্তিতে নিরীক্ষিত অংশের দায় সরকার সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পরিশোধ করবে;

(ঘ) উল্লিখিত দায়সমূহ সরকার কর্তৃক গ্রহণের সাথে সাথে কৃষকের দায় সংশ্লিষ্ট কোনো মামলা থাকলে তা ব্যাংক অবিলম্বে প্রত্যাহার করবে এবং কৃষক যাতে কোনো রকম হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করবে। মামলা প্রত্যাহার সংক্রান্ত তথ্যাবলি প্রতি মাসে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করবে।

(ঙ) উল্লিখিত দায় সরকার কর্তৃক সংশ্লিষ্ট ব্যাংককে পরিশোধের পর কখনো যদি এমন বিষয় উদঘাটিত বা প্রমাণিত হয় যে, কোনো ব্যাংক প্রকৃত দায়ের চেয়ে অধিক অর্থ সরকার থেকে গ্রহণ করেছে তবে ওই ব্যাংক অনতিবিলম্বে অতিরিক্ত গৃহীত অর্থ (প্রয়োজনে সরকার কর্তৃক আরোপিত সুদসহ) ফেরত প্রদানে বাধ্য থাকবে; এবং (চ) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সব আর্থিক বিধি-বিধান ও অনুশাসনাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে গত ২৯ জানুয়ারি রাজশাহীতে এক জনসভায় তারেক রহমান ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেন। এরপর ৬ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। এতেও কৃষিঋণ মওকুফের অঙ্গীকার করা হয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ২০৯ আসনে বিজয়ী হয়। সরকার গঠন করে ১৭ ফেব্রুয়ারি। দায়িত্ব নেয়ার ১০ দিনের মাথায় মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়।