জনবল সঙ্কটে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্স
Printed Edition
মো: ইউছুফ আলী তালতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘ দিন ধরে তীব্র জনবল সঙ্কটে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুমোদিত ৯৩টি পদের মধ্যে বর্তমানে শূন্য রয়েছে ৫৪টি। অর্ধেকেরও কম জনবল দিয়ে হাসপাতাল পরিচালিত হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা, আর কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় দেড় লাখ মানুষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪০টি ক্যাটাগরিতে মোট ৯৩ জন জনবলের অনুমোদন থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৯ জন। গুরুত্বপূর্ণ চিকিৎসক পদগুলোর মধ্যে জুনিয়র কনসালট্যান্টের ৮টি, আবাসিক মেডিক্যাল অফিসার ও সহকারী সার্জনের পাঁচটির মধ্যে চারটি, সহকারী সার্জনের দুটির মধ্যে একটি, মেডিক্যাল অফিসারের তিনটির মধ্যে দুটি, জরুরি বিভাগের মেডিক্যাল অফিসারের চারটিই শূন্য রয়েছে। এ ছাড়া ডেন্টাল সার্জন ও সহকারী ডেন্টাল সার্জনের পদেও ঘাটতি রয়েছে।
প্রযুক্তিগত ও সহায়ক জনবলেও রয়েছে বড় সঙ্কট। মেডিক্যাল টেকনোলজিস্টের পাঁচটির মধ্যে চারটি, ফার্মাসিস্ট, কার্ডিওগ্রাফার, হিসাবরক্ষক, হেড অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অফিস সহায়ক, টাইপিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিচ্ছন্নতা কর্মী, আয়া, দারোয়ান ও ড্রাইভারসহ বহু পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
এত বিপুল সংখ্যক পদ শূন্য থাকায় রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অনেক রোগী প্রয়োজনীয় সেবা না পেয়েই ফিরে যান। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের আমতলী, পটুয়াখালী কিংবা বরগুনা সদর হাসপাতালে পাঠাতে হচ্ছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভূপেন চন্দ্র মণ্ডল বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল সঙ্কট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ হলে স্বাস্থ্যসেবা অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে শূন্য পদে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটিকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হোক, যাতে উপজেলার সাধারণ মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পেতে পারেন।