সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
ছাত্র-জনতা দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হতে দেবে না : অ্যাড. জুবায়ের
Printed Edition
সিলেট ব্যুরো
১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিনাভোটে, মধ্যরাতের ভোটে ও ডামি নির্বাচন দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের করে নিয়েছিল। তাদের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে শুধু গদি নয়, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এ দেশে আবারো যদি কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তাদেরকে অতীতের ফ্যাসিস্টদের পরিণতি স্মরণে রাখা উচিত। দেশপ্রেমিক ছাত্র-জনতা দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেবে না।
তিনি গতকাল নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় প্রতিষ্ঠার দাবিতে সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজলের সভাপতিত্বে ও সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর আমির মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল।