তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
Printed Edition
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুর খননের দায়ে আটটি পুকুরের ঠিকাদারকে মোট আট লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। একই সাথে পুকুর খননে ব্যবহৃত ভেকু (এক্সক্যাভেটর) মেশিনের ব্যাটারিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার সারাদিন ও সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত ও এহসান আহমেদ খান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ঠিকাদারদের অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়। তবে পুকুর খনন না করার শর্তে মুচলেকা দিয়ে তারা জরিমানার অর্থ পরিশোধ করেন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় গোলাম মোস্তফাকে এক লাখ ৯৫ হাজার টাকা, মো: মামুনকে ৭০ হাজার টাকা, নাঈম হোসেন ও রুহুল আমিনকে ৯০ হাজার টাকা করে, মো: মিসকানকে এক লাখ টাকা, রুহুল আমিনকে আরো এক লাখ টাকা এবং শাহ আলম সরকারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, অবৈধ পুকুর খননের ফলে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছে। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।