ইন্দোনেশিয়া-জাপান ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
Printed Edition
রয়টার্স
যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গত সোমবার একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইন্দোনেশিয়া ও জাপান। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শাফরি শামসুদ্দিন এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার জন্য জাপানি সামরিক সরঞ্জাম ক্রয়ের পথ প্রশস্ত হলো। উভয় মন্ত্রীই এই পদক্ষেপকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
স্বাক্ষর অনুষ্ঠানের আগে শাফরি শামসুদ্দিন বলেন, উভয় দেশ নিজ নিজ জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে প্রতিরক্ষা শিল্প এবং জনবলের উন্নয়নে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। অন্য দিকে কোইজুমি শিনজিরো জানান, সমুদ্র তীরবর্তী রাষ্ট্র হিসেবে উভয় দেশ একই মূল্যবোধ ধারণ করে এবং এই সহযোগিতা সমগ্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে। নিক্কেই এশিয়ার তথ্যমতে কোইজুমি আরো উল্লেখ করেন, আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধির এই সময়ে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইন্দোনেশিয়ার প্রভাব ও দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মন্ত্রীরা একটি দ্বিপক্ষীয় বৈঠকে যৌথ সামরিক মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন। যদিও চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করা হয়নি, তবে জানানো হয়েছে যে এর মাধ্যমে ‘ইন্টিগ্রেটেড ডিফেন্স ডায়ালগ মেকানিজম’ নামে একটি সংলাপ কাঠামো প্রতিষ্ঠা করা হবে। এটি উভয় দেশের সামরিক ও উপমন্ত্রী পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত আলোচনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। এ ছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম কেনা-বেচায় সহযোগিতা বাড়াতে একটি যৌথ কর্মদল বা ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।