দেড় লাখের বেশি পোস্টাল ব্যালট ভোট কর্তার হাতে

Printed Edition

বিশেষ সংবাদদাতা

  • ভোট দিয়েছেন প্রবাসী ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন

  • প্রবাস থেকে এসেছে ৪ লাখ ১ হাজার ৪৬০টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল পর্যন্ত এক লাখ ৫৫ হাজার ৪৫২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে শুক্রবার পৌঁছেছে। এর মধ্যে প্রবাসীদের ভোটসহ এক লাখ ২৪ হাজার ৭৪৬টি পোস্টাল ব্যালট। আর শুক্রবার পর্যন্ত প্রবাস ও দেশে সাত লাখ ৪২ হাজার ২১১জন ভোটার পোস্টালে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাস থেকে ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন এবং দেশের ভেতরে দুই লাখ ৫৯ হাজার ৩৯৪ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসির সংশ্লিষ্ট প্রকল্প প্রধান ড. সালীম আহমাদ খান গণমাধ্যমকে জানান। এ ছাড়া প্রবাস থেকে পোস্টাল ব্যালট দেশে এসেছে চার লাখ এক হাজার ৪৬০টি।

প্রবাসীদের পোস্টাল ভোটের তথ্য

ড. সালীম আহমাদ খান জানান, প্রবাসী বাংলাদেশীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো হয়েছে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি। ভোটার ব্যালট গ্রহণ করেছে পাঁচ লাখ ২৬ হাজার ৪৯৮টি। আর ভোট দিয়েছেন চার লাখ ৮২ হাজার ৮১৭ জন। চার লাখ ৪৯ হাজার ছয়টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে জমা হয়েছে। দেশে ব্যালট এসেছে চার লাখ এক হাজার ৪৬০টি। রিটার্নিং কর্মকর্তারা এক লাখ ২৪ হাজার ৭৪৬টি প্রবাসী পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।

ইসির ওয়েবতথ্য বলছে, প্রবাসীদের ভোটের ব্যালট রিটার্নিং অফিসারে কাছে পৌঁছেছে সৌদি আরবের ৬৫ হাজার ৬০২টি, মালয়েশিয়ার ১৮ হাজার ৫৬৪টি, কাতারের ২৭ হাজার ৫০৯টি, ওমানের ২৪ হাজার ৮২৮টি, আমিরাতের ১৪ হাজার ৭৬৩টি, যুক্তরাজ্যের ২ হাজার ১৯৩টি।

দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোট

দেশের অভ্যন্তরে শুক্রবার পর্যন্ত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোস্টাল ব্যালট। তারা তিন লাখ ২৪ হাজার দুইটি ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন দই লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোটার। আর ভোটার কর্তৃক পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়া হয়েছে দুই লাখ ১৩ হাজার ৬৯৭ জন। রিটার্নিং অফিসার ব্যালট গ্রহণ করেছেন ৩০ হাজার ৭০৬টি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।