জামায়াত মার খায় কিন্তু টাকা খায় না

রাঙ্গুনিয়ায় কর্নেল অলি আহমদ

Printed Edition

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

বাংলাদেশ এলডিপির সভাপতি কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘জামায়াতে ইসলামী মার খায়; কিন্তু টাকা খায় না। আর অন্যান্য দল টাকা খায়, কিন্তু মার খায় না। এটাই জামায়াত ও অন্যান্য দলের মধ্যে মূল পার্থক্য।’ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গুনিয়ার উন্নয়ন প্রসঙ্গে কর্নেল অলি বলেন, দুর্নীতিবাজ ও চঁাঁদাবাজদের দিয়ে কোনো এলাকার মঙ্গল সম্ভব নয়। এলাকার কল্যাণে সৎ, আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রয়োজন। তিনি চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা: এ টি এম রেজাউল করিমকে একজন যোগ্য ও আদর্শবান প্রার্থী হিসেবে অভিহিত করে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘মানুষ এখন সচেতন, তারা আর প্রতারিত হতে চায় না। যারা দীর্ঘ দিন দুর্নীতির মাধ্যমে জনগণকে শোষণ করেছে, তাদের সময় শেষ। আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে।’

জনসভায় প্রার্থী ডা: এ টি এম রেজাউল করিম বলেন, ‘নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাঙ্গুনিয়ার মানুষের সেবা করব। সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চঁাঁদাবাজির বিরুদ্ধে আমার অবস্থান হবে আপসহীন।’ সমাবেশে রাঙ্গুনিয়া এবি পার্টির প্রার্থী আবদুর মনির আনুষ্ঠানিকভাবে জামায়াত প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেন।

সাবেক যুগ্ম সচিব নুরুল আবচারের সভাপতিত্বে এবং রাশেদুল ইসলাম তালুকদার ও কাজী পিয়ারুর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, এনসিপি নেত্রী সাগুফতা মিশমা, মাওলানা আ ন ম শামসুল আলম এবং খেলাফত মজলিস নেতা আবুল কালাম আজাদ।

এর আগে দুপুরে কর্নেল অলি আহমদ হেলিকপ্টারে রাঙ্গুনিয়ায় পৌঁছালে ১১ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে তাকে সমাবেশস্থলে স্বাগত জানান।