গাজীপুরে জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরে জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আনুমানিক ৬০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতায় বড় ধরনের বিপর্যয় রোধ করে অন্তত দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছে। শুক্রবার ভোরে মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাগানবাড়ি ছাপড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টা ৯ মিনিটে মহানগরের কোনাবাড়ি চাপড়া মসজিদ এলাকায় মানিক নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন প্রায় ৩০ হাজার বর্গফুট আয়তনের জুট গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনে বিপুল পরিমাণ জুট থাকায় পুরোপুরি আগুন নেভাতে বিকেল ২টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে। পরে বিকেল সাড়ে ৩টায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো স্টেশনে ফিরে যায়।

এ অভিযানে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন। তার তত্ত্বাবধানে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দু’টি এবং সারাবো মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে গোডাউনের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেলেও সময়মতো অভিযান চালানোয় প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের আশপাশের এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তদন্ত শেষে জানা যাবে।