চবিতে চট্টগ্রাম জেলা রোভারের ১৯তম মুট সমাপ্ত

Printed Edition
3rd-7
চট্টগ্রাম জেলা রোভার মুট-২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভার কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী (২০-২৪ ডিসেম্বর) ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের সমাপনী দিনে বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ‘মহা তাবু জলসা ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউট, রোভার অঞ্চলের উপ-কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর নজরুল ইসলাম ও বাংলাদেশ স্কাউট, রোভার অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো: ফজলুল কাদের চৌধুরী এল টি।

চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, আমরা যে বাসযোগ্য নগর চিন্তা করি, যেমন হেলদি সিটি বা গ্রিন সিটি-তা গড়তে রোভারদের ত্যাগ অবিস্মরণীয়। তারা ভয়কে জয় করে মানুষের কল্যাণে কাজ করে। রোভার স্কাউটদের সাথে সমন্বয় রেখে আমরা নগর সেবার মান আরো উন্নত করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, রোভার স্কাউট একটি সংগঠন নয়, এটি একটি পাঠশালা। এখান থেকে প্রকৃত শিক্ষা নিয়ে যোগ্য নাগরিক হতে হবে। প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়কে এই আয়োজনের অংশ করতে পারায় গর্ব প্রকাশ করেন এবং রোভারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, আমি রোভার স্কাউটদের ধন্যবাদ জানাচ্ছি। একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য রোভার স্কাউটদের ভূমিকা অবিস্মরণীয়। আমি বাংলাদেশ রোভার স্কাউটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

অধ্যাপক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোভার স্কাউটের কোষাধ্যক্ষ খালেদুর রহমান। আরো বক্তব্য রাখেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ও সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার ড. আনোয়ারুল ইসলাম, উপ আঞ্চলিক কমিশনার প্রফেসর নজরুল ইসলাম খান। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো: আনোয়ার হোসেন, প্রফেসর ড. মনির উদ্দিন, সালমা আক্তার পলাশ, চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান জালাল, এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।