খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
বিএনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম রহিমা সিকদার বলেন,
ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী সন্ত্রাসীরা দীর্ঘ সময় ধরে লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্ব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই সরকারের পতন হয়েছে।
তিনি আরো বলেন, দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিপির কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মো: ওমর ফারুক । তিনি নিজেই দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী নাগরিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মো: মহসিন মোল্লাকে সভাপতি এবং মো: ইয়াকুব সিকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। নবনির্বাচিত নেতাদের দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়।
অনুষ্ঠানে বিএনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা, সিনিয়র নেতারাসহ মহানগর ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।